বাঘায় সাপের কামড়ে এক জেলের মৃত্যু
বাঘা প্রতিনিধি : রাজশাহীর বাঘায় সর্পদংশনে সুবহান শেখ (৩৫) নামের এক জেলের মৃত্যু হয়েছে। গত রোববার রাত ৮টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে উপজেলার চকরাজাপুর ইউনিয়নের দাদপুর চরের তৌলিফ শেখের ছেলে। স্থানিয় সূত্রে জানা যায়, সুবহান শেখ গত বৃহস্পতিবার সন্ধ্যায় কালিদাসখালী এলাকায় একটি পাকা রাস্তার পাশে ছ্যাকনা জাল দিয়ে মাছ ধরাকালিন সময়ে বিষধর রাসেল ভাইপার সাপ তাকে দংশন করে। এসময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়।
সেখানে অবস্থার অবনতি হলে পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চারদিন চিকিৎসাধীন থাকার পর রোববার (১৭ অক্টোবর ) রাত ৮টার দিকে তার মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে চকরাজাপুর ইউপি চেয়ারম্যান আজিজুল আযম বলেন, সোমবার সকাল নয়টায় জানাযার নামাজ শেষে স্থানীয় দাদপুর গোরস্থানে তাকে দাফন করা হয়েছে । তিনি আরও জানান, বিষাক্ত রাসেল ভাইপার এ বছর বন্যার পানিতে ভেসে এসে চরাঞ্চলের বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছে। বর্তমানে চরের মানুষ আতঙ্কে রয়েছে।
