বাঘার ইউএনও’র সহযোগিতায় ঋণ মুক্ত হলেন নারী অটো চালক জায়দা
স্টাফ রিপোর্টার, বাঘা : উপজেলা নির্বাহি অফিসারের সহযোগিতায় ঋণমুক্ত হলেন ব্যাটারিচালিত অটোরিকশার সেই নারি চালক জায়দা। গত ৯ অক্টোবর ‘জায়দার জীবন যুদ্ধ’ শিরোনামে একটি দৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশের পর বিষয়টি নজরে এলে সহযোগিতার হাত বাড়িযে দেন বাঘা উপজেলা নির্বাহি অফিসার (ইউএনও) পাপিয়া সুলতানা। গতকাল সোমবার (১১ অক্টোবর ) তাকে সহ বাঘা শাখার এনজিওর কর্মকর্তাকে তাঁর কার্যালয়ে ডেকে ৫০ (পঞ্চাশ) হাজার টাকা পরিশোধ করে তাকে ঋন মুক্ত করেছেন ইউএনও। জীবন যুদ্ধে বেঁচে থাকার লড়াইয়ে ৫০ বছর বয়সের একজন নারির সাহসিকতায় মুগ্ধ হয়ে নিজস্ব তহবিল থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ বাঘা শাখার সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল,কৃষি অফিসার শফিউল্লাহ সুলতান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ রাশেদ আহমেদ,মৎস্য অফিসার আমিরুল ইসলাম,বিআরডিবি অফিসার এমরান আলীসহ বিভিন্ন দপ্তরের প্রধানগন।
উল্লেখ্য, গত ৯ অক্টোবর ‘জায়দার জীবন যুদ্ধ’ শিরোনামে প্রকাশিত নিউজে জায়দার দারিদ্র্য, ক্ষুধা আর জীবন যুদ্ধের বাস্তব চিত্র তুলে ধরা হয়। সে প্রতিবেদনে উল্লখিত বিষয়ের মধ্যেই ফুটে উঠে তার দারিদ্রতায় ঘেরা সংগ্রামী জীবন যুদ্ধের নানান দিক। শখের বশে নয়। জীবন যুদ্ধে ক্লান্ত হলেও হাল ছাড়েননি জায়দা। স্বামী পরিত্যক্তা এই নারী প্রয়োজনের তাগিদেই এখন চালকের আসনে বসে যাত্রী পরিবহন করছেন। মানুষের কটু কথা, তির্যক চাহনি- কোনো কিছুই তাকে দমাতে পারেনি। আত্মমর্যাদা নিয়ে বাঁচা আর একমাত্র সন্তানকে লেখাপড়া শিখিয়ে মানুষ করাই এখন তার জীবনের ধ্যানজ্ঞান।
উপজেলার জোতকাদিরপুর গ্রামের এই নারীর স্বামী শাহাজামাল আরেকটি বিয়ে করে অন্যত্র চলে যাওয়ার পর জীবিকার তাগিদে পরের বাড়িতে ঝিয়ের কাজ দিয়েই শুরু তার জীবন সংগ্রাম। এরপর ছেলে কোলে নিয়েই সীমান্তবর্তী দুর্গম চর এলাকার বাংলাবাজার গ্রাম ছেড়ে চলে আসেন বাঘার পাকুড়িয়া ইউনিয়নের জোতকাদিরপুর গ্রামে। কালে কালে বেলা গড়িয়ে যায়। ৫০ বছর বয়সে এসে নিজের জমানো আর এনজিওর ঋনের মাধ্যমে ৭০ (সত্তুর) হাজার টাকা দিয়ে কেনেন একটি ব্যাটারিচালিত অটো রিক্সা। এরপর কয়েক দিনের প্রশিক্ষণ নিয়ে বসে পড়লেন চালকের আসনে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিজ এলাকা জোতকাদিরপুর থেকে নারায়ণপুর হয়ে বাঘা পর্যন্ত যাত্রী পরিবহন করে প্রতিদিন আয় হয় প্রায় সাড়ে তিনশ থেকে চারশত টাকা।
আর্থিক অনটনের মধ্যেও ছেলেকে ভর্তি করিয়েছিলেন স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে। নিজে লেখাপড়া জানেন না। তার ইচ্ছা ১৫ বছর বয়সের ছেলে জায়দুলকে উচ্চশিক্ষিত করে তোলা। জায়দা বলেন, ‘কোন কাজই ছোট নয়। লজ্জা, সংকোচ থাকলে কোনো কাজই করা যাবে না। দিন শেষে নিজের পেটের চিন্তা নিজেরই করতে হয়। তাই এ বয়সেও আত্মশক্তির ওপর ভরসা করেই এগিয়ে যেতে চাই। এ সময় ইউএনও বলেন, জীবন যুদ্ধে বেঁচে থাকার লড়াইয়ে ৫০ বছর বয়সের একজন নারির এমন সাহসিকতা প্রশংসনীয়। আত্মমর্যাদা নিয়ে বেঁচে থাকার লড়াইয়ে জায়দা হচ্ছে একজন সাহসী সংগ্রামী নারি।
যে কোনো সাহসী পেশায় নারীদের এগিয়ে আসতে পরিবেশ তৈরি করতে হবে। তবেই আপন শক্তিতে এগিয়ে যাবে দেশের প্রত্যেক নারী। অন্য নারিরাও যদি কোন কাজকে ছোট করে না দেখে,পরিশ্রমি হয়, তাহলে তাদের জন্য অনুকরন উৎসাহ হতে পারে জায়দা। তিনি আরও বলেন, এই সহযোগিতা মানে করুনা নয়। তাকে ঋণ থেকে মুক্ত করার প্রয়াসেই এই সহযোগিতা মাত্র।
