বিশ্ব বসতি দিবসে আলোচনা সভা
স্টাফ রিপোর্টার : বিশ্ব বসতি দিবস উদযাপনের লক্ষ্যে রাজশাহী বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে অনুষ্টিত এ সভায় দিবসটির প্রতিপাদ্য, গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বিশদ আলোচনা করা হয়। রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) এর আয়োজনে অনুষ্ঠিত সভায় বিভাগীয় কমিশনার ড. মো: হুমায়ুন কবীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বিভাগীয় কমিশনার বলেন, সরকার কোভিড-১৯ এবং বিশ্ব জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করছে।
কার্বন জলবায়ু পরিবর্তনের একটি অন্যতম প্রধান কারণ। আমরা কার্বনের মাত্রা সীমিত রেখে সবার জন্য বসতি নিশ্চিত করতে চাই। কার্বনমুক্ত বাসযোগ্য পৃথিবী আগামীর প্রয়োজন। তিনি বলেন, একটি কার্বনমুক্ত বিশে^র জন্য শহরে কার্যক্রম আরও ত্বরান্বিত করা দরকার। মানুষের মাঝে যতটা প্রয়োজন ততটা সচেতনতা তৈরি হয় নাই। যেখানে কার্বন বেশি সেখানেই সচেতনতা বেশি দরকার। দেশের জন্য জলবায়ু পরিবর্তনে সকলকে একসাথে কাজ করতে হবে। ইমারত নিমার্ণসহ বিভিন্ন উন্নয়ন কাজে পরিবেশগত বিষয়াদি বিশেষভাবে খেয়াল করতে হবে।
তিনি আরও বলেন, সরকার ইমারত বিধিমালা আইন প্রণয়ন করেছে, তাই ইমারত নির্মাণ করার পূর্বেই সরকার প্রণীত বিধিমালা মেনে চলতে হবে। সমাজকে পরিবেশ বান্ধব করে গড়ে তুলতে হবে। পরিবেশকে সমুন্নত রাখা সকলের দায়িত্ব। প্রয়োজনে আমাদেরকে বেশি করে গাছ লাগাতে হবে।
বিভাগীয় কমিশনার বলেন, সব দিক থেকে রাজশাহী শহর ভালো অবস্থানে আছে। বলা যায়, রাজশাহী পরিবেশ বান্ধব শহর। তিনি বলেন, নগরীতে দিন দিন জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, সেজন্য নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি করতে হবে। যানজট নিরসন করতে হবে। রাস্তা-ঘাটের আরো উন্নয়ন করতে হবে। শহর ও গ্রামের মানুষের মাঝে এখন যেটুকু বৈষম্য রয়েছে তা দূর করতে হবে। তাহলে, এই নগরীর পরিবেশ আরোও উন্নত হবে। সেইসাথে আশ-পাশের জেলা-উপজেলাওলো থেকে এখানে আসার প্রবণতাও কিছুটা কমবে বলে তিনি মত দেন। তিনি বলেন, মানুষ নিজ অবস্থানে থেকেই প্রয়োজনীয় উপাদান কাছে পেলে তাদের দূরে যাবার প্রয়োজনীয়তা ফুরোবে।
আরডিএ চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. আনওয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক আব্দুল জলিল ভার্চ্যুয়ালি যুক্ত হন। সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার সুজায়েত ইসলাম, ডিআইজি প্রতিনিধি আব্দুস সালাম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান চৌধুরী, আরডিএর ইঞ্জিনিয়ার তারিক হোসেন, রিয়েল এস্টেট এন্ড ডেভেলপার্স এসোশিয়েশনের সভাপতি তৌফিকুর রহমান লাভলু, সাধারণ সম্পাদক মিজানুর রহমান কাজি, সহ-সভাপতি হুসাইন আলী, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সিহাব পারভেজ, রেডার সদস্য এএইচএম আতিকুল হক কাজীসহ অন্যান্য অংশীজনরা উপস্থিত ছিলেন।
