বাগমারায় নদীতে পড়ে এক মাছ শিকারীর মৃত্যু
মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় বরশি দিয়ে মাছ শিকারে গিয়ে নদীর পানিতে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত ওই ব্যক্তির নাম মুন্তাজ আলী (৪৫)। সে ভবানীগঞ্জ চাঁনপাড়া মহল্লার হোসেন আলীর ছেলে। গতকাল রোববার বিকেল সাড়ে ৪টার দিকে ভবানীগঞ্জ মৌসুমী সিনেমা হলের পেছনের বারনই নদীতে বরশি নিয়ে মাছ শিকারে যায়। ওই সময় মাথা ঘুরে নদীর পানিতে পড়ে যায় মুন্তাজ আলী। আশপাশে কেউ না থাকায় সেখানেই তার মৃত্যু হয়।
পরে তার পরিবারের লোকজন অনেক খোঁজা খুঁজির পর নদী থেকে তার মরদেহ উদ্ধার করে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে মুন্তাজ আলী দীর্ঘদিন থেকেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। মাঝে মধ্যেই পানিত পড়ে যান তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। নদীর পানিতে ডুবে মৃত্যুর ঘটনায় কোন অভিযোগ না থাকায় মুন্তাজ আলীর মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়। এ ঘটনায় বাগমারা থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ।
