পবায় ট্রাকচাপায় কলেজ শিক্ষক নিহত
স্টাফ রিপোর্টার : রাজশাহীর পবায় ট্রাকচাপায় এক কলেজ শিক্ষক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরে পবা উপজেলায় বড়গাছি রাজ হিমাগারের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত কলেজ শিক্ষকের নাম মাসুদ রানা (৩৫)। তিনি বড়গাছি এলাকার মৃত বছির উদ্দিন খানের ছেলে। মাসুদ রানা মোহনপুর উপজেলার ধোপাঘাটা ডিগ্রি কলেজের শিক্ষক ছিলেন। পবা থানার ওসি সিরাজুম মনির জানান, কলেজ শিক্ষক মাসুদ রানা মোটরসাইকেল যোগে নওহাটা বাজারের যাচ্ছিলেন।
রাজ হিমাগারের সামনে বিপরিত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি মোটরসাইকেল থেকে রাস্তার উপর ছিটকে পড়েন। এ সময় ট্রাকের চাকা তার মাথার উপর দিয়ে চলে যায়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। ওসি জানান, নিহত মাসুদ রানার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। ট্রাকটিও জব্দ করা হয়েছে। কিন্তু ড্রাইভার আর হেলপার পালিয়ে গেছে। তাদের আটকের চেষ্টা চলছে। এ বিষয়ে মামলা রজু করা হবে বলে জানান ওসি।
