পদ্মা নদী বাঁচাতে ৫ দাবিতে ওয়ার্কার্স পার্টির মানববন্ধন
প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহীর পদ্মা নদীতে অপরিকল্পিতভাবে বালু উত্তোলন বন্ধসহ পাঁচটি দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। গতকাল সোমবার বেলা ১১টায় নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে ‘নদী বাঁচাও দেশ বাঁচাও’ শ্লোগানে এই কর্মসূচির আয়োজন করে দলটির জেলা ও মহানগর কমিটি। মানববন্ধনে বক্তারা বলেন, নদীর প্রতি অবহেলার জন্য পৃথিবীর অনেক সভ্যতা বিলুপ্ত হয়ে গেছে। নদী বাঁচানোর দাবি আমাদের জীবন বাঁচানোর সমার্থক। পদ্মা নদীকে দূষিত করার সব কর্মকাণ্ড এখনই বন্ধ করতে হবে। না হলে রাজশাহীর পরিবেশ ও জনস্বাস্থ্য বিপর্যয় আরো বৃদ্ধি পাবে। শহরটি বসবাসের অযোগ্য হয়ে যাবে।
কর্মসূচি থেকে পাঁচ দফা দাবি জানানো হয়। সেগুলো হলো- পদ্মা নদীর নাব্যতা বৃদ্ধি করতে ড্রেজিং, সরকারি-বেসরকারি সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ, অপরিকল্পিতভাবে বালু উত্তোলন বন্ধ, রাজশাহী শহর রক্ষায় স্থায়ী বাঁধ নির্মাণ এবং নদীতে আবর্জনা ফেলা বন্ধ করা। মানববন্ধনে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর ওয়ার্কার্স পার্টির সভাপতি লিয়াকত আলী লিকু। বক্তব্য দেন- জেলা কমিটির সভাপতি রফিকুল ইসলাম পিয়ারুল, মহানগরের সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু, মহানগর সম্পাদকমণ্ডলীর সদস্য আব্দুল মতিন।
