করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে রাজশাহীতে পরিকল্পনা কর্মশালা
তথ্যবিবরণী : রাজশাহীতে গতকাল করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে ইউনিসেফের বিভাগীয় পর্যায়ে পরিকল্পনা ও পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে আয়োজিত এ কর্মশালায় বিভাগীয় কমিশনার ড.মোঃ হুমায়ুন কবীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার বলেন, বৈশ্বিক অতিমারী করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে দেশের সরকারি-বেসরকারি সকল প্রতিষ্ঠান কাজ করছে। এ বছরের এপ্রিল থেকে জুলাই মাস পর্যন্ত রাজশাহী বিভাগে করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্ট মোকাবিলায় স্বাস্থ্য, প্রশাসন, পুলিশ বিভাগসহ সকল দপ্তরকে নিরলস পরিশ্রম করতে হয়েছে।
তিনি বলেন, করোনার প্রকোপ কমে গেলেও আমাদের ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে কোনো ছাড় দেয়া চলবে না। তিনি স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি টীকা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। এ সময় প্রধান অতিথি বিভিন্ন প্রচার কৌশল ব্যবহার করে শিক্ষার্থী-অভিভাবকসহ প্রান্তিক জনগোষ্ঠীকে আরও বেশি সচেতন করে তোলার আহবান জানান। রাজশাহী জেলা তথ্য অফিসের পরিচালক মোহাঃ ফরহাদ হোসেনের সভাপতিত্বে উক্ত কর্মশালায় অন্যান্যের মধ্যে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ জিয়াউল হক, পরিচালক (পরিবার পরিকল্পনা) মোঃ মাহবুব আলম,
পুলিশ সুপার (ক্রাইম অ্যানালাইসিস) মোঃ আব্দুস সালাম, জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শাহানা আখতার জাহানসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় অতিথিবৃন্দ প্রশ্নোত্তরের মাধ্যমে তাদের মতামত তুলে ধরেন এবং কিভাবে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে প্রচার কার্যক্রম আরও বেশি কৌশলী ও শক্তিশালী করা যায় সে বিষয়ে আলোকপাত করেন।
