চারঘাটে লাইসেন্সবিহীন ওষুধের দোকানের ছড়াছড়ি
জিল্লুর রহমান, চারঘাট : প্রশাসনের সঠিক নজরদারি না থাকায় ড্রাগ লাইসেন্স, কেমিস্ট ও ফার্মাসিস্ট ছাড়াই চারঘাটের পৌরশহরসহ ইউনিয়ন পর্যায়ের অলি-গলিতে গড়ে উঠেছে ওষুধের দোকান। সরকারি রেজিস্ট্রার্ড চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়াই এন্টিবায়েটিকসহ সব ধরনের ওষুধ বিক্রি করছেন ব্যবসায়ীরা। আর এতে করে মারাত্বক স্বাস্থ্য ঝুঁকি মধ্যে পড়েছে উপজেলাবাসী। উপজেলায় নিম্ন আয়ের মানুষের চিকিৎসা সেবার অন্যতম মাধ্যম হয়ে উঠেছে লাইসেন্সবিহীন এসব ফার্মেসি। ওষুধের দোকানগুলোতে কোনো ধরণের কেমিস্ট বা ফার্মাসিস্ট না থাকলেও সবধরনের রোগের চিকিৎসা দেওয়া হচ্ছে।
মাঝে মধ্যে ছোটখাটো অপারেশনও করানো হচ্ছে এসব ফার্মেসিতে। খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার বিভিন্ন হাটবাজারে ২০২০ সালের তালিকা অনুযায়ী ৩২৫টি ফার্মেসি রয়েছে। এদের মধ্যে দুই শতাধিক ফার্মেসির লাইসেন্স থাকলেও লাইসেন্সবিহীন ফার্মেসি রয়েছে প্রায় ১২৫টি। কিছু ফার্মেসির মেয়াদ শেষ হলে লাইসেন্স নবায়নের আবেদন করেছেন। উপজেলা সদর, সরদহ, নন্দনগাছী, কাঁকরামারী বাজার এলাকার অধিকাংশ ফার্মেসির লাইসেন্সের মেয়াদ থাকলেও প্রত্যন্ত অঞ্চলের হাটবাজারে ফার্মেসিগুলো চলছে লাইসেন্সবিহীন। ওষুধ নিয়ন্ত্রণ আইন-১৯৪০ অনুসারে ওষুধের দোকান বা ফার্মেসি দেওয়ার ক্ষেত্রে প্রথমেই ওই ব্যক্তিকে কমপক্ষে ছয় মাসের ফার্মাসিস্ট কোর্স করে সনদ সংগ্রহ করতে হবে।
পরে সংশ্লিষ্ট ড্রাগ সুপারের কার্যালয়ে ফার্মাসিস্ট সনদ জমা দিয়ে ড্রাগ লাইসেন্সের জন্য আবেদন করতে হবে। ড্রাগ সুপার আবেদন যাচাইয়ের পর ড্রাগ লাইসেন্স দিলেই কেবল ওষুধের ব্যবসা বা ফার্মেসি দেওয়া যাবে। এ বিষয়ে বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির উপজেলা শাখার সভাপতি মাহাবুব আলম মোহন বলেন, আমাদের সমিতির সদস্য হতে হলে ড্রাগ লাইসেন্স থাকতে হবে। বর্তমানে সমিতির সদস্য ২০৫ টি ফার্মেসী। যারা লাইসেন্স ব্যাতিত ব্যবসা করছে তাদের ব্যাপারে তাদের কিছু জানা নেই বলে জানা নেই। স্থানীয় সমাজসেবক সাইফুল ইসলাম বাদশা বলেন, ওষুধের মতো স্পর্শকাতর ব্যবসায় অবশ্যই সরকারের আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করা উচিত।
প্রশিক্ষিত ছাড়া এ ব্যবসা পরিচলানা করার সুযোগ নেই। অথচ বাস্তবতা এই যে, প্রয়োজনীয় আইন থাকলেও মাঠ পর্যায়ে এর প্রয়োগ নেই। তাই এর কুফল ভোগ করছে সাধারণ নাগরিকরা। তরুণরাও প্রেসক্রিপশন ছাড়া ওষুধ কিনে নেশার দিকে ঝুঁকছে। এ বিষয়ে জানতে চাইলে চারঘাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশিকুর রহমান বলেন, প্রেসক্রিপশন ছাড়া ও ফার্মাসিস্ট সনদ ছাড়া ওষুধ বিক্রি করা অবৈধ। যারা সরকারী নিয়ম অমান্য করে ওষুধ বিক্রি করছে তাদের তালিকা তৈরি করে প্রশাসনের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হবে।
