সুমিষ্ট খেজুররস সংগ্রহে গাছ প্রস্তুত শুরু করেছেন গাছিরা
মোবারক হোসেন শিশির : আবহমান গ্রাম-বাংলার ঐতিহ্য খেজুরের রস আহরণে রাজশাহীর প্রতিটি গ্রামে গ্রামে গাছিরা গাছ প্রস্তুত করতে শুরু করেছেন। যারা খেজুরের রস সংগ্রহের উদ্দেশ্যে বিশেষভাবে গাছ কাটায় পারদর্শী স্থানীয় ভাষায় তাদেরকে গাছি বলা হয়। এ গাছিরা হাতে দা হাসুয়া নিয়ে ও কোমরে দড়ি বেঁধে নিপুণ হাতে গাছ চাঁচাছোলা ও নলি বসানোর কাজ করছেন। আর কিছুদিন পরেই উপজেলার সর্বত্র শীত উদযাপনের নতুন আয়োজন শুরু হয়। খেজুরের রস আহরণ ও গুড় তৈরিতে ব্যস্ততা আরো কয়েকগুন বেড়ে যাবে এ অঞ্চলের গাছিদের।
কিছুদিন পরই গৌরব আর ঐতিহ্যের প্রতীক মধুবৃক্ষ খেজুর গাছ থেকে সুমিষ্ট রস বের করে গ্রামের ঘরে ঘরে শুরু হবে গুড়-পাটালি তৈরির উৎসব। গ্রামে গ্রামে খেজুরের রস জ্বালিয়ে পিঠা, পায়েস, মুড়ি-মুড়কী ও নানা রকমের মুখরোচক খাবার তৈরি করার ধুম পড়বে। সকালে এবং সন্ধ্যায় কাঁচা রস খেতে খুবই মজাদার। রসে ভিজা চিতই পিঠার স্বাদই আলাদা। পাটালি ও দানা গুড়ের সুমিষ্ট গন্ধেই যেন অর্ধ ভোজন। রসনা তৃপ্তিতে এর জুড়ি নেই। পাটালি গুড়ের মধ্যে নারিকেল কোরা, তিল ভাজা মিশালে আরো সুস্বাদু লাগে।
রাজশাহীর ঐতিহ্যবাহী খেজুর গুড়-পাটালির ইতিহাস অনেক প্রাচীন। বাঙ্গালির কাছে খেজুর গুড়-পাটালির কদর কমেনি। আবহমান কাল থেকে তাই বাংলায় নবান্নের উৎসব পালনে খেজুর গুড়ের কদর অনেক বেশি।
উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, গাছিরা গাছ পরিষ্কার বা তোলা চাচার উপকরণ গাছি বাটাল, রশি তৈরি সহ ভাঁড় (মাটির ঠিলে) ক্রয় ও রস জ্বালানো জায়গা ঠিক করা সহ বিভিন্ন কাজে রয়েছে ব্যতিব্যস্ত। দুর্গাপুর উপজেলার পৌর এলাকার বাসাইল গ্রামের সহিদুল, আঃ আজিজ জানান, গাছ কাটা, রস জ্বালানো ও গুড়, পাটালি তৈরির উপকরণের মূল্য অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় এবার গত বছরের তুলনায় গুড়-পাটালির দাম বেশি হতে পারে। তবে বাজারে ভেজাল ও চিনি যুক্ত গুড়ের চাপে যে অবস্থা এতে আবার ভাল বা খাটি গুড়ের দাম হবে কি না তা নিয়েও দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। রাজশাহীর গুড় দেশ বিদেশে রপ্তানি করা হয়ে থাকে।
তবে এ সময়ে এক শ্রেণীর অসাধু গুড় ব্যবসায়ীরা চিনি, রং এবং মোকামি গুড় দিয়ে কৃত্তিম উপায়ে বিভিন্ন উপকরনের সাহায্যে খেজুর গুড় তৈরি করে হাট বাজারে বিক্রি করেন। এছাড়া আগের মতো খেজুর গাছ আর নেই। প্রতিদিন ইটভাটায় জ্বালানির কাজে নিধন হচ্ছে এলাকার শত শত খেজুর গাছ। ফলে জেলার গ্রামীণ অর্থনীতিতে এর নেতিবাচক প্রভাব পড়েছে। এরপরেও গাছিরা তাদের ঐতিহ্য ধরে রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কেবল গুড়, সুস্বাদু খাবার ও শুধু রসনা তৃপ্তির সুমিষ্ট রসের জন্যই নয়,
আমাদের জীবনের প্রয়োজনে, পরিবেশ-প্রকৃতির ভারসাম্য রক্ষায় আমাদেরকে খেজুর গাছ বাঁচিয়ে রাখতে হবে। উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা সবুজ আলী জানান, সারাদেশে পরিকল্পিতভাবে খেজুর গাছ রোপণ করা দরকার। তাহলে শীত মৌসুমে উপাদেয় রস দেশীয় অর্থনৈতিক উন্নয়নে আমাদের বিরাট ভূমিকা রাখতে পারবে। সরকারি উদ্যোগে বেশি করে খেজুর গাছ রোপণ করতে বন বিভাগকে দায়িত্ব দেয়া দরকার। খেজুরের ঐতিহ্য ধরে রাখতে গবেষণার প্রয়োজন। দেশী চারার পাশাপাশি পরীক্ষামূলোকভাবে আরব দেশীয় খেজুরের চারাও রোপণ করা প্রয়োজন বলে তিনি জানান।
