শেখ রাসেল শিশুপার্কের উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক মেয়র লিটন
প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী মহানগরীর ১৯নং ওয়ার্ডের ছোটবনগ্রামে চার কোটি ৪২ লাখ ৪৭ হাজার টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় শেখ রাসেল শিশুপার্ক। দ্রুত গতিতে এগিয়ে চলেছে শিশুপার্কটির উন্নয়ন কাজ। গতকাল শুক্রবার বিকেলে পার্কটির উন্নয়ন কাজ পরিদর্শন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। এ সময় উন্নয়ন কাজ ঘুরে দেখার পাশাপাশি কাজের অগ্রগতি সহ সার্বিক বিষয়ে খোঁজখবর নেন সিটি মেয়র।
এরপর ১৯নং ওয়ার্ডের একটি ড্রেনের কাজ পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে রাজশাহী সিটি কর্পোরেশনের ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের পরিচালক ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী নূর ইসলাম তুষার, প্রকল্পের ইঞ্জিনিয়ারিং এ্যাডভাইজার মোঃ আশরাফুল হক, উপ-সহকারী প্রকৌশলী শাবাব আহম্মেদ, আরএস শাওন, চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ এমরান হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
