চারঘাটে যুবকের লাশ উদ্ধারের ঘটনায় মামলা
চারঘাট প্রতিনিধি : রাজশাহীর চারঘাট শান্ত ইসলাম (১৮) নামে এক যুবকের লাশ উদ্ধারের ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে। গত শুক্রবার রাতে এ ঘটনায় নিহতের বাবা জাহাঙ্গীর আলম বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় ৮ ব্যক্তির নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৮-১০ জনকে আসামী করা হয়েছে। নিহত শান্ত ইসলাম উপজেলার ইউসুফপুর গ্রামের বাসিন্দা। শুক্রবার দুপুরে উপজেলার ইউসুফপুর গ্রামের নিহতের বাড়ির পাশের কচু ক্ষেত থেকে লাশ উদ্ধার করেন মডেল থানা পুলিশ।
চারঘাট মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল লতিফ জানান, আমরা প্রাথমিক ভাবে ধারনা করছি মাদক নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে হত্যাকান্ডের শিকার হয়েছেন শান্ত।
তার বড় ভাই অন্তর আলী মাদকের সোর্স হিসাবে কাজ করতো। এজন্য মাদক ব্যবসায়ীদের সাথে তাদের দ্বন্দ্ব ছিল। হত্যাকান্ডের ঘটনায় নিহতের বাবা মামলা দায়ের করেছেন। আসামীদের আটকের চেষ্টা চলছে। আরো অধিক তদন্তে হত্যাকান্ডের রহস্য উন্মোচন হবে বলে জানান তিনি। এর আগে শুক্রবার জুমআর নামাজের পর ইউসুফপুর পুরাতন ক্যাম্পের পাশে স্থানীয়রা কবর জিয়ারত করতে গেলে কচু ক্ষেতে শান্তর লাশ দেখতে পায়। স্থানীয়রা পুলিশকে খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করে। নিহত শান্ত গত বুধবার থেকে নিখোঁজ ছিল বলে তার পরিবার জানায়।
