পুঠিয়ায় বাসস্থান পাবেন ১২ অস্বচ্ছল মুক্তিযোদ্ধা
পুঠিয়া সংবাদদাতা : অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য বাসস্থান নির্মাণ প্রকল্পের আওতায় ২০২১-২২ অর্থবছরে পুঠিয়ায় ১২ জন অস্বচ্ছল মুক্তিযোদ্ধার জন্য বাসস্থান নির্মাণ করা হবে। বাসস্থান পাবেন এমন মুক্তিযোদ্ধারা হলেন পালোপাড়ার শাহজাহান আলী ও বয়েতুল্লাহ সরকার, কাঁঠালবাড়িয়ার আবুল হোসন, পুঠিয়া সদরের জাহের আলী, যশোপাড়ার নীরেন্দ্রনাথ সরকার, বিড়ালদের হাকিম শেখ, জয়পুরের মকসেদ আলী, দিঘলকান্দির আবু তাহের, বারইপাড়ার মজিবর রহমান, শিবপুর হাটের অজিত কুমার দাস, তেলীপাড়ার মাহাতাব আলী ও ওয়াজেদ আলী শাহ।
মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বলেন, মুক্তিযুদ্ধ করেছি। জীবনের ভয় করিনি। এখন বেঁচে থাকতে রাজমিস্ত্রীর কাজ করি। মুক্তিযুদ্ধের পর অনেকের ভাগ্য বদল হয়েছে। কিন্তু আমার মত অনেক মুক্তিযোদ্ধাকে আজও দিনমজুর কিংবা শ্রমিকের কাজ করতে হয়। অনেকের বাড়িঘর নাই। তার নামে বাসস্থান হবে জেনে তিনি খুব খুশি। উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল হাই মো. আনাছ জানান, পুঠিয়ায় অনেক মুক্তিযোদ্ধা আছে যারা অস্বচ্ছল। চলতি অর্থ বছরে আমরা ১২ জন মুক্তিযোদ্ধার জন্য বাসস্থান নির্মাণ করব। বাকি কয়েকজনের জন্য আগামী বছর করা হবে।
