আদিবাসীদের ভূমি জটিলতা নিরসন শীঘ্রই: বাদশা
প্রেস বিজ্ঞপ্তি : আধুনিক রাষ্ট্রে ভূমিকে কেন্দ্র করে আদিবাসীদের প্রতি যতো জুলুম, উচ্ছেদ, জবরদখল, কেনাবেচা, হত্যা, নির্যাতন, মিথ্যে মামলা, অপরাধীকরণ ইত্যাদি ঘটনা ঘটেই চলেছে। এখন ভূমি সমস্যাই আদিবাসীদের অন্যতম প্রধান সমস্যা। তবে খুব শীঘ্রই এ সমস্যার সমাধান হবে বলে জানিয়েছেন আদিবাসী বিষয়ক সংসদীয় ককাসের আহ্বায়ক ও জাতীয় আদিবাসী পরিষদের উপদেষ্টা ফজলে হোসেন বাদশা এমপি। গতকাল বুধবার সকালে নওগাঁ সার্কিট হাউসে আদিবাসী নেতাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় ও নওগাঁ জেলা কমিটির যৌথ উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়। জাতীয় আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক সবিন চন্দ্র মুন্ডার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- জাতীয় আদিবাসী পরিষদের উপদেষ্টা ও রাজশাহী মহানগর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু, আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য আমীন কুজুর, ওয়ার্কার্স পার্টির নওগাঁ জেলার সাধারণ সম্পাদক শহিদউদ্দীন স্বপন, আদিবাসী পরিষদের নওগাঁ জেলার উপদেষ্টা আবুল কালাম আজাদ, আদিবাসী যুব পরিষদের নেতা নরেন পাহান প্রমুখ।
