এফএনএস : মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগের ইঙ্গিত দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদি সুগা। শুক্রবার দলের নির্বাহী পরিষদের মিটিংয়ে ইয়োশিহিদো সুগা এ ইঙ্গিত দেন। ২৯ সেপ্টেম্বরের দলের নেতা নির্বাচনেও তিনি অংশ নেবেন না বলে জানিয়েছেন। লিবারেল ডেমোক্রেটিক পার্টির মহাসচিব পরে এ তথ্য নিশ্চিত করেন। এক বছর আগে স্বাস্থ্যগত কারণে সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের পদত্যাগের পর প্রধানমন্ত্রী হন ৭১ বছর বয়সী সুগা।
কিন্তু, এই বছরের সাধারণ নির্বাচনের আগে করোনা মহামারিতে সুগার জনপ্রিয়তা ৩০ শতাংশের নিচে নেমে এসেছে। করোনা ঠেকাতে জাপানে এখনও জরুরি অবস্থা জারি রয়েছে। দেশটিতে ১ কোটি ৫০ লাখ মানুষ করোনায় আক্রান্ত হলেও এখনও ধীর গতিতে চলছে টিকাদান কার্যক্রম। করোনার কারণে জাপানে অর্থনৈতিক সংকটও তৈরি হয়েছে। এ ছাড়া করোনার মধ্যে অলিম্পিকের আয়োজন করে জনগণের তোপের মুখে পড়েন সুগা।