তানোরে ধানখেত থেকে যুবকের লাশ উদ্ধার
তানোর প্রতিনিধি : রাজশাহীর তানোরে ধানখেতের নালা থেকে মনিরুল ইসলাম (৩৮) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। জানা গেছে, গতকাল বৃহস্পতিবার দুপুরে নিহতের লাশ শনাক্ত করে পুলিশ। ওই যুবককে অন্য কোথাও হত্যা করে লাশ ধানখেতের নালায় ফেলে রাখা হয়েছে বলে মনে করছে স্থানীয়রা।নিহত মনিরুল ইসলাম উপজেলার কামারগাঁ ইউপির পারিশো গ্রামের মৃত শুকুর উদ্দিন মোল্লার পুত্র।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, তানোর-চৌবাড়িয়া সড়কের দূর্গাপুর নামক স্থানে ধানখেতের নালার ভেতরে স্থানীয়রা ওই যুবকের মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ শনাক্ত ও লাশ উদ্ধার করে। তবে পুলিশ ও স্থানীয়দের ধারণা, বুধবার দিবাগত রাতে কেউ তাকে হত্যা করে ধানখেতের নালায় লাশ ফেলে রেখে গেছে। এ ব্যাপারে তানোর থানার অফিসার ইন্চার্জ (ওসি) রাকিবুল হাসান বলেন, লাশের নাম পরিচয় পাওয়া গেছে। মনে হয় নিহত মনিরুলকে হত্যা করা হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্নও রয়েছে। তার পরনে ছিল কালো হাফ গেঞ্জি ও প্যান্ট।
