বৃষ্টি নামলেই পুঠিয়ার অফিসপাড়ায় জলাবদ্ধতা
পুঠিয়া সংবাদদাতা : বৃষ্টি নামলেই পুঠিয়ার অফিস পাড়ায় সৃষ্টি হয় জলাবদ্ধতা। গতকাল বৃহস্পতিবার দুপুরের পর ভারী বর্ষনে এর ব্যতিক্রম ঘটেনি। উপজেলা পরিষদ চত্বরের সামনে সাব রেজিস্ট্রার কার্যালয়, উপজেলা সমবায় সমিতি কার্যালয়, উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কার্যালয় এবং আনসার ও ভিডিপি কার্যালয় অফিসের সামনে জলাবদ্ধতার সাথে জমেছে ময়লার স্তুপ। এসব অফিসের অফিস কক্ষেও পানি প্রবেশ করেছে। ফলে এসকল অফিসের কার্যক্রমে বিঘ্ন ঘটে। বৃহস্পতিবার সকাল থেকে শত শত মানুষ আসে উপজেলা ভূমি রেজিস্ট্রার কার্যালয়ে। দুপুরের পর ভারী বর্ষনে ওই কার্যালয়ে পানি প্রবেশ করলে বন্ধ হয়ে যায় অফিসের কার্যক্রম।
একারনে জমি রেজিস্ট্রিশেন করতে আসা শত শত মানুষ বাড়ি ফিরে যায়। ফলে জনভোগান্তি বৃদ্ধি পায়। ভেন্ডার ব্যবসায়ী ও দলিল লেখক মো. সেন্টু জানান, একটু বৃষ্টি নামলেই এখানে জলাবদ্ধতার সৃষ্টি হয়। যে কারণে আমাদের কার্যক্রমে বিঘ্ন ঘটে। দলিল লেখক সমিতির সভাপতি আব্দুল মতিন মুকুল বলেন, এখানে সাব রেজিস্ট্রার কার্যালয়সহ আরও তিনটি সরকারি অফিস রয়েছে। আমাদেরকে প্রায়ই এরকম অবস্থায় পড়তে হয়। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল হাই মো. আনাছ জানান, অফিস গুলোর জলাবদ্ধতা নিরসনে কাজ শুরু হয়েছে। পানি নিষ্কাশনের জন্য দ্রুত একটি ড্রেনেজ ব্যবস্থা করা হয়েছে।
