এফএনএস : আসন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার গুচ্ছ পদ্ধতিতে বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান বিষয়ে পরীক্ষা নিয়ে বিভাগ পরিবর্তনের দাবিতে মানববন্ধন করেছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে ‘সকল বিভাগ পরিবর্তনের ইচ্ছুক শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। মানবন্ধন থেকে শিক্ষার্থীরা তিন দফা দাবি জানিয়েছেন। তাদের দাবিগুলো হচ্ছে, আগের মতো আলাদাভাবে বিভাগ পরিবর্তনের সুযোগ দেয়া, প্রতিটি ইউনিটের সঙ্গে বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞানের প্রশ্ন রাখা, যারা বিভাগ পরিবর্তন করবেন তারা এ তিনটি দাগাবেন এবং মানবিকে আইসিটির পরিবর্তে সাধারণ জ্ঞান কিংবা আইসিটির সঙ্গে সাধারণ জ্ঞান রাখতে হবে।
টাঙ্গাইলের সৃষ্টি কলেজের শিক্ষার্থী আসাদুজ্জামান সিকদার বলেন, স্বপ্ন ছিল বিশ্ববিদ্যালয়ের ভর্তি হওয়ার। কলেজে ভর্তি হই বিজ্ঞান বিভাগে তবে বিজ্ঞানে মন বসেনি। ইচ্ছে ছিল বিশ্ববিদ্যালয়ে বিভাগ পরিবর্তনের। তাই গত দুই বছর ধরে বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞান প্রস্তুতি নিয়েছি। হুট করে বিভাগে পরিবর্তনে আলাদা পরীক্ষা না নেয়ার সিদ্ধান্তে আমার সেই স্বপ্নের মৃত্যু হয়েছে। ঢাকা নটরডেম কলেজের শিক্ষার্থী নাসির হোসেন বলেন, গত দুই বছর থেকে আমরা ভর্তি প্রস্তুতি নিচ্ছি। এমন সিদ্ধান্ত আমাদের কেন আগে জানানো হলো না।
বিশ্ববিদ্যালয়ের ভর্তিতে আমাদের সুবিধার জন্য যদি নিজ জেলায় পরীক্ষা নেয়া হয় তবে আমাদের সুবিধার জন্য কেন বিভাগ পরিবর্তনের আলাদা পরীক্ষা নেয়া হবে না। এ সময় অন্য শিক্ষার্থীরা জানান, তারা প্রায় দুই বছর ধরে বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞান পড়ে আসছেন। কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে শিক্ষার্থীরা ভেঙে পড়েছেন। তাই গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষার ক্ষেত্রে বিভাগ পরিবর্তন ইউনিট রাখতেই হবে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) তাদের দাবি না মানলে আন্দোলনে যাওয়ারও ঘোষণা দেন মানববন্ধনে অংশ নেয়া শিক্ষার্থীরা।