এফএনএস : ধর্ষণচেষ্টা ও হত্যা চেষ্টার মামলার তদন্তে সাভার মডেল থানায় এসেছেন আলোচিত চলচ্চিত্র অভিনেত্রী পরীমনি। গতকাল রোববার দুপুর আড়াইটার দিকে ব্যক্তিগত গাড়িতে সাভার মডেল থানায় উপস্থিত হন তিনি। এ সময় তার সঙ্গে কয়েকজন উপস্থিত ছিলেন। তবে পরীমণি একাই ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লা হিল কাফীর কক্ষে প্রবেশ করেন। সাভার মডেল থানার ওসি মাঈনুল ইসলাম বলেন, পরীমনি থানায় এসছেন।
মামলার ব্যাপারে জিজ্ঞাসাবাদ চলছে। ঢাকা বোট ক্লাবের ঘটনায় দায়ের করা মামলার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ‘তাকে থানায় ডেকে আনা হয়েছে’। এদিকে পরীমনি সাভার মডেল থানায় প্রবেশের সাথে সাথে থানার মুল ফটক বন্ধ করে দেওয়া হয়। গণমাধ্যমকর্মীসহ কাউকেই থানার ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। সাভার মডেল থানায় পরীমণির করা মামলায় গ্রেপ্তার হয়ে উত্তরা ক্লাবের সাবেক সভাপতি নাসির ইউ মাহমুদ এবং তুহিন সিদ্দিকী অমি পাঁচ দিনের রিমান্ডে রয়েছেন।
গত ২৩ জুন তাদেরকে সাভার মডের থানায় আনা হয়। পরীমনির অভিযোগ পূর্ব পরিচিত অমি গত ৮ জুন রাতে তাকে ‘পরিকল্পিতভাবে’ বোট ক্লাবে নিয়ে যান এবং সেখানে নাসির তাকে ‘ধর্ষণের চেষ্টা’ করেন। সাভার থানায় পরীমনি মামলা করার পরপরই নাসির ও অমিকে গ্রেপ্তার করে পুলিশ। তখন তাদের কাছে মাদকদ্রব্য পাওয়ার কথা জানিয়ে আলাদা মামলা করে পুলিশ।