এফএনএস : ১৯৯৪ সালের নওগাঁর বদলগাছী থানার কেশাইল গ্রামে হাশেম রেজা ওরফে টগর চেয়ারম্যান হত্যা মামলায় হাইকোর্টে যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত ১৬ আসামিকে খালাস দিয়েছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে ভার্চ্যুয়াল আপিল বিভাগ বেঞ্চ গতকাল বুধবার এ রায় দেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ। আসামীপক্ষে ছিলেন আইনজীবী সারোয়ার আহমেদ।
মামলার নথিতে দেখা যায়, বদলগাছী উপজেলার কেশাইলের শ্যামহার দিঘীতে পোনা ছাড়া ও পাড়ে কলা গাছ লাগানো নিয়ে ১৯৯৪ সালের ৩ জুন নওগার বদলগাছী থানার কেশাইল গ্রামে হাশেম রেজা ওরফে টগর চেয়ারম্যানকে গুলি করে হত্যা করা হয়। ঘটনার দিন রাতে টগর চেয়ারম্যানের ভাই আবুল হাসনাত চৌধুরী বদলগাছী থানায় মামলা করেন। বিচার শেষে ২০০৫ সালের ১০ জুলাই মুল আসামি ডা. নুরুল ইসলামকে মৃত্যুদন্ড এবং ১৮ আসামীকে যাবজ্জীবন দন্ড দেন। একজন বাদে নুরুল ইসলামসহ বাকি আসামিরা আপিল করেন।
ওই আপিল শুনানি শেষে ২০১১ সালের ২১ নভেম্বর হাইকোর্ট নুরুলের মৃত্যুদন্ডের পরিবর্তে যাবজ্জীবন দেন। বহাল রাখেন বাকি ১৭ জনের যাবজ্জীবন দন্ডও। আইনজীবী সারোয়ার আহমেদ জানান, এরপর আবেদনের প্রেক্ষিতে ২০১৩ সালের ১৮ মার্চ রাষ্ট্রপতির ক্ষমা পান ডা. নুরুল ইসলাম। ক্ষমা নিয়ে তিনি বেরিয়ে যান। চলতি বছরের ১৪ মার্চ তিনি মৃত্যুবরণ করেছেন।
এর মধ্যে সবুজ নামের একজন আসামিবাদে বাকী ১৬ আসামি আপিল বিভাগে আপিল করেন। যেটি গতকাল বুধবার মঞ্জুর করেছেন আপিল বিভাগ। ফলে ১৬ আসামি খালাস পেয়েছেন। ১৬ জনের মধ্যে ইতোমধ্যে কয়েকজন মারাও গেছেন। মামলার ২৭ বছর পর বিচারিক আদালত, হাইকোর্ট পেরিয়ে গতকাল বুধবার আপিল বিভাগে রায় হলো।