মঙ্গলবার

২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

২২ দিনে ভার্চুয়াল শুনানিতে কারামুক্ত ৪০ হাজার আসামি

Paris
Update : মঙ্গলবার, ১৮ মে, ২০২১

এফএনএস : করোনা সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধে ভার্চুয়ালি আবেদনের শুনানি নিয়ে ২২ কার্যদিবসে সারাদেশে নিম্ন আদালতে মোট ৭৪ হাজার ৪২৮টি আবেদন নিষ্পত্তি করে ৪০ হাজার ৪ জন ব্যক্তি জামিন পেয়ে কারামুক্ত হয়েছেন। গতকাল সোমবার দুপুরে সুপ্রিম কোর্টের মুখপাত্র ও হাইকোর্ট বিভাগের স্পেশাল কর্মকর্তা ব্যারিস্টার মোহাম্মদ সাইফুর রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গত ১২ এপ্রিল থেকে করোনা সংক্রমণ রোধকল্পে পুনরায় দ্বিতীয় দফায় সারাদেশে অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালে শারীরিক উপস্থিতি ব্যতিরেকে ভার্চুয়াল পদ্ধতিতে জামিন ও অতি জরুরি ফৌজদারি দরখাস্ত শুনানি হচ্ছে। এর মধ্যে গত রোববার সারাদেশে অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালে ১০৬৩টি ফৌজদারি মামলায় ভার্চুয়াল শুনানিতে জামিন-দরখাস্ত নিষ্পত্তি হয় এবং ৫৮৬ জন হাজতি-অভিযুক্ত ব্যক্তি জামিন পেয়ে কারামুক্ত হয়েছেন।

আর ভার্চুয়াল আদালত শুরু হওয়ার পর ১২ এপ্রিল থেকে ১৬ মে পর্যন্ত মোট ২২ কার্যদিবসে সারাদেশে অধঃস্তন আদালত এবং ট্রাইব্যুনালে ৭৪ হাজার ৪২৮টি মামলায় জামিনের দরখাস্ত ভার্চুয়াল শুনানির মাধ্যমে নিষ্পত্তি হয় এবং মোট ৪০ হাজার ৪ জন হাজতি-অভিযুক্ত ব্যক্তি জামিনে কারাগার মুক্ত হয়েছেন।


আরোও অন্যান্য খবর
Paris