ঈশ্বরদী সংবাদদাতা : ঈশ্বরদীর পাকশী হার্ডিঞ্জ ব্রিজস্থ লালন শাহ কফি হাউজে দূর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চুরি সঙ্গে জড়িত থাকায় ঈশ্বরদী, কুষ্টিয়া ও ঝিনাইদহ এলাকায় অভিযান চালিয়ে ৫ চোরকে গ্রেফতার করেছে পুলিশ। পাকশী ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) শহিদুল ইসলাম শহিদ আজ (রবিরার) বিকেলে এই তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতরা হলেন ঈশ্বরদীর সলিমপুর ইউনিয়নের মানিকনগর পুর্বপাড়া গ্রামের মামুন (২৬), পাকশী ইউনিয়নের রেলওয়ে গালর্স স্কুলপাড়ার টগর আলী সাগর (২২), পাকশী মেরিনপাড়ার লিপু (২৬), কুষ্টিয়ার ভেড়ামারা বিত্তিপাড়া গ্রামের ইয়াকুব আলী(৫৫), ঝিনাইদহ মধুপাড়া গ্রামের মার”ফ হাসান (২৪)।
লালনশাহ কফি হাউজ এন্ড রেস্টুরেন্টের মালিক মুক্তার হোসেন মুক্তি জানান, গত ১২ মে রাতে সংঘবদ্ধ চোরেরা কফি হাউজের গ্রিল কেটে একটি ডিপ ফ্রিজ, একটি লম্বা ফ্রিজ, একটি কপি মেশিন, দুটি গ্যাস সিলিন্ডার, গ্যাসের চুলা,৮০ টি প্লেট, ১২টি গামলা, ৫০ টি সুপের বাটি, টে, প্রিজ, কাপ, চামচসহ সকল মালামাল নিয়ে যায়।
পাকশী ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) শহিদুল ইসলাম শহিদ জানান, লালন শাহ সেতুর সিসিটিভি ফুটেজ দেখে প্রথম মালমালবহনকৃত ভুটভুটি চালককে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্য মতে, শনিবার রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ ৫ চোরকে গ্রেফতারসহ চুরি যাওয়া মালামাল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের রবিবার পাবনা আদালতে প্রেরণ করা হয়েছে।