এফএনএস : রংপুরের গঙ্গাচড়ায় বিয়ের চার মাসেই নববধূ জেসমিন আক্তারকে (২০) গলাটিপে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় ঘাতক স্বামী আবদুল মোতালেবকে (২৫) আটক করেছে পুশিশ। গত শনিবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের নিলকচন্ডি গ্রামে এ ঘটনা ঘটে। মোতালেব ওই গ্রামের হোসেন মিয়ার ছেলে। গতকাল রোববার সকালে স্বামীর বাড়ি থেকে ওই গৃহবধূর মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।
স্থানীয়রা জানান, চারমাস আগে রংপুর মিটি করপোরেশনের ৬নং ওয়ার্ডের বাহাদুর সিং মহল্লার জয়নাল আবেদীনের মেয়ে জেসমিন আক্তারের সঙ্গে আবদুল মোতালেবের বিয়ে হয়। বিয়ের পর স্বামীর শারীরিক অক্ষমতা নিয়ে দুইজনের মধ্যে মনোমালিন্য চলছিল। এরইমধ্যে গত শনিবার রাতে ঈদের কেনাকাটা নিয়ে দুজনের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে মোতালেব তার স্ত্রীকে গলাটিপে হত্যা করে।
গতকাল রোববার সকালে খবর পেয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়য় পুলিশ। এ সময় স্বামীকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। বিষয়টি নিশ্চিত করে গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুশান্ত কুমার সরকার বলেন, আবদুল মোতালেবকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের বাবার মামলার প্রস্তুতি নিচ্ছে।