মঙ্গলবার

২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

হেফাজতের নায়েবে আমির কাদের কারাগারে

Paris
Update : শনিবার, ১ মে, ২০২১

এফএনএস : প্রায় আট বছর আগে রাজধানীতে হেফাজতে ইসলামের তাণ্ডবের ঘটনায় করা মামলায় সংগঠনটি বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির অধ্যাপক আহমদ আবদুল কাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। গতকাল শুক্রবার পাঁচ দিনের রিমান্ড শেষে তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম বেগম ইয়াসমিন আরা তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে রোববার তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এ সময় ২০১৩ সালের পল্টন থানার মামলায় সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করা হয়। ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিমের আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। ২৪ এপ্রিল সন্ধ্যায় রাজধানীর আগারগাঁও থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অধ্যাপক আহমদ আবদুল কাদের ইসলামি ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলেন। এ ছাড়া তিনি ২০ দলীয় জোটের শরিক খেলাফত মজলিসের মহাসচিব। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ১৯৮২ সালে শিবিরকে জামায়াতে ইসলামীর অঙ্গ সংগঠন হিসেবে ঘোষণা দেয়া হলে জামায়াতের সঙ্গে আদর্শিক বিরোধে জড়িয়ে পড়েন আহমদ আবদুল কাদের।

এরপর শিবির থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেন তিনি। ১৯৮৩ সালে তিনি ইসলামি যুবশিবিরের প্রতিষ্ঠা করেন। বর্তমানে তিনি ২০ দলীয় জোটের শরিক খেলাফত মজলিসের মহাসচিব। ২০১৩ সালের ৫ মে ঢাকা অবরোধ করে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। সেদিন রাজধানীর মতিঝিল, পল্টন ও আরামবাগসহ আশপাশের এলাকায় যানবাহন ও সরকারি-বেসরকারি স্থাপনায় ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে হেফাজতের কর্মীরা। এ ঘটনায় পল্টন থানায় মামলা করা হয়।


আরোও অন্যান্য খবর
Paris