২৮ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

শারীরিক উপস্থিতিতে দেওয়ানি মামলা করা যাবে অধস্তন আদালতে

প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২১, ১:২৬ পূর্বাহ্ণ | বিভাগ: আইন-আদালত
শারীরিক উপস্থিতিতে দেওয়ানি মামলা করা যাবে অধস্তন আদালতে
বিজ্ঞাপন

এফএনএস : করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে শারীরিক উপস্থিতিতে অধস্তন দেওয়ানি আদালত ও চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট/চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের অধীনস্ত আদালতে মামলা করা যাবে বলে নির্দেশনা দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। গতকাল বুধবার প্রধান বিচারপতির নির্দেশে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনা পরিস্থিতিতে দেশের অধস্তন দেওয়ানি ও ফৌজদারি আদালত এবং ট্রাইব্যুনালসমূহ আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার আইন, ২০২০ এবং এই কোর্ট কর্তৃক জারিকৃত এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি মেনে জরুরি দরখাস্তসমূহ শুনানি ও নিষ্পত্তি করার উদ্দেশ্যে শারীরিক উপস্থিতি ব্যতিরেকে ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে আদালতের কার্যক্রম পরিচালনা করবেন।

এ ছাড়া স্বাস্থ্যবিধি মেনে শারীরিক উপস্থিতিতে অধস্তন দেওয়ানি আদালতসমূহ এবং চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট/চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের অধীনস্থ আদালতসমূহে মামলা করা যাবে। এতে আরও বলা হয়েছে, মামলায় সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট শারীরিক উপস্থিতিতে ফৌজদানি কার্যবিধির ২০০ ধারার অধীন জবানবন্দি গ্রহণ করবেন। গত ১১ এপ্রিল সুপ্রিম কোর্ট প্রশাসন এক বিজ্ঞপ্তি জারি করে।

সেখানে বলা হয়েছিল, করোনার ব্যাপক বিস্তার রোধকল্পে ১২ এপ্রিল থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে জামিন ও জরুরি ফৌজদারি দরখাস্তসমূহ নিষ্পত্তির উদ্দেশ্যে আদালত ও ট্রাইব্যুনালের কার্যক্রম পরিচালনা করতে হবে।

এছাড়া সাংবিধানিক বাধ্যবাধকতায় প্রত্যেক চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট/চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এক বা একাধিক ম্যাজিস্ট্রেট যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক শারীরিক উপস্থিতিতে দায়িত্ব পালন করবেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন