সোমবার

২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

হেফাজতের সহকারী মহাসচিব মাওলানা জালাল গ্রেপ্তার

Paris
Update : রবিবার, ১৮ এপ্রিল, ২০২১

এফএনএস : হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব ও বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা জালাল উদ্দিনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গতকাল শনিবার দুপুরে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) এ কে এম হাফিজ আক্তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মাওলানা জালাল উদ্দিনকে ডিবির একটি টিম রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে ২০১৩ সালের একাধিক মামলা রয়েছে। তাকে আদালতে পাঠিয়ে রিমান্ডে আনার প্রক্রিয়া চলছে।

এর আগে কয়েকদিনে ২০১৩ সালের মামলায় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী, ঢাকা মহানগরীর সহ-সভাপতি মাওলানা জুবায়ের আহমেদ, সহ-প্রচার সম্পাদক মুফতি শরিফউল্লাহসহ বেশ কয়েকজন নেতাকে গ্রেপ্তার করা হয়।
পাঁচদিনের রিমান্ডে জুবায়ের : এদিকে ২০১৩ সালে হেফাজতের তাণ্ডবের ঘটনায় করা মামলায় সংগঠনটির ঢাকা মহানগরীর সহ-সভাপতি মাওলানা জুবায়ের আহমদের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল শনিবার তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ।

২০১৩ সালে পল্টন থানায় হেফাজতের তাণ্ডবের ঘটনায় করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিম তার পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন। গত শুক্রবার সন্ধ্যায় রাজধানীর লালবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ- ডিবি লালবাগ। মাওলানা জুবায়ের আহমদ হেফাজতে ইসলামের ঢাকা মহানগরীর সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতেন।

এ ছাড়া তিনি মুফতি আমিনীর জামাতা হিসেবেও পরিচিত। উল্লেখ্য, ২০১৩ সালের ৫ মে ঢাকা অবরোধ করে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। এ অবরোধ কর্মসূচির নামে লাঠিসোটা, ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে রাজধানীর মতিঝিল, পল্টন ও আরামবাগসহ আশপাশের এলাকায় যানবাহন ও সরকারি-বেসরকারি স্থাপনায় ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে হেফাজতের কর্মীরা। এ ঘটনায় পল্টন থানায় মামলা করা হয়।


আরোও অন্যান্য খবর
Paris