এফএনএস : করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে ১৪ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত এটিএম থেকে গ্রাহক সর্বোচ্চ এক লাখ পর্যন্ত উত্তোলন করতে পারবেন। সেই সঙ্গে নিত্যপ্রয়োজনীয় পণ্য সেবার সাথে পরিচালিত মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) সরকার কর্তৃক নির্ধারিত সময়সীমার মধ্যে সেবা প্রদান ও নগদ অর্থের সরবরাহ নিশ্চিত করারও নির্দেশ দেয়া হয়েছে। গত সোমবার বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সার্ভিস ডিপার্টমেন্ট থেকে এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।
দেশে কার্যরত সকল তফসিলি ব্যাংক এবং সকল মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রোভাইডারের প্রধান নির্বাহী বরাবর পাঠানো চিঠিতে বলা হয়েছে, জনসাধারণের অতি জরুরি প্রয়োজন ও অত্যাবশকীয় জরুরি পরিষেবা প্রাপ্তির নিমিত্তে দৈনন্দিন নগদ অর্থের সরবরাহ নিশ্চিতকল্পে এটিএম, ইন্টারনেট ব্যাংকিং ও এমএফএস সেবা প্রদানকারী প্রতিষ্ঠানসমূহকে নিম্নোক্ত নির্দেশনা প্রদান করা যাচ্ছে- সরকার ঘোষিত বিধিনিষেধ চলাকলীন সাধারণ জনগণের চাহিদা মোতাবেক নগদ অর্থের সরবরাহ নিশ্চিতকরণের জন্য এটিএমসমূহ সচল ও তাতে পর্যাপ্ত অর্থ সরবরাহের ব্যবস্থা করতে হবে।
এ ক্ষেত্রে এটিএম-এ টাকা উত্তোলনের ক্ষেত্রে সর্বোচ্চ সীমার নূন্যতম পরিমাণ হবে এক লাখ টাকা। এ ছাড়া অন-ইউএস এবং অফ-ইউএস উভয়ক্ষেত্রে টাকা উত্তোলনের একক লেনদেনের নূন্যতম পরিমাণ একই হবে। অনুমোদিত এলাকায় অন্যান্য নিত্যপ্রয়োজনীয় অত্যাবশকীয় পণ্য/সেবার সাথে পরিচালিত মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসেস সরকার কর্তৃক নির্ধারিত সময়সীমার মধ্যে সেবা প্রদান ও নগদ অর্থের সরবরাহ নিশ্চিত করবে।
অনুমোদিত জরুরি সেবাসমূহ প্রাপ্তির জন্য লেনদেনের মাধ্যম হিসাবে প্রযোজ্য ক্ষেত্রে ইন্টারনেট ব্যাংকিং ব্যবহারের সুযোগ নিশ্চিত করতে হবে। সকল সেবা প্রদানের ক্ষেত্রে সরকার কর্তৃক নির্ধারিত স্বাস্থ্যবিধি পরিপালন করতে হবে। এ নির্দেশনা ১৪ এপ্রিল হতে কার্যকর হবে।