এফএনএস : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি বিকৃতি করে ফেসবুকে পোস্ট করার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার হয়েছেন। গত বুধবার রাতে লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ি নুরানি মাদ্রাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার শিক্ষকের নাম জাহিদুল ইসলাম (৩০)। তিনি ভেলাবাড়ি ইউনিয়নের মরিচবাড়ি গ্রামের আবদুস সালামের ছেলে। এ ছাড়া ভেলাবাড়ি নূরানি মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও শিক্ষক। তিনি চট্টগ্রাম হাটহাজারী মাদ্রাসার সাবেক ছাত্র। পুলিশ ও স্থানীয়রা জানান, শেখ হাসিনা ও মোদির ছবি বিকৃত করে নিজের ফেসবুক পেজে শেয়ার দেন জাহিদুল ইসলাম।
পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। আদিতমারী থানার ওসি সাইফুল ইসলাম বলেন, গ্রেপ্তার জাহিদুলের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে তাকে জেল হাজতে পাঠানো হবে।