২৪ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

২৬ অক্টোবর ঘূর্ণিঝড়ের শঙ্কা, বরেন্দ্র অঞ্চলে কৃষকদের পাকাধান কাটার জরুরি আহ্বান

প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৬, ৯:৫১ অপরাহ্ণ | বিভাগ: স্পেশাল নিউজ
২৬ অক্টোবর ঘূর্ণিঝড়ের শঙ্কা, বরেন্দ্র অঞ্চলে কৃষকদের পাকাধান কাটার জরুরি আহ্বান
বিজ্ঞাপন

ফারুক আহমেদ : বঙ্গোপসাগরে ঘনীভূত লঘুচাপ প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কায় রাজশাহীজুড়ে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া সংস্থাগুলো। ফলে কৃষকদের ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি এড়াতে মাঠের পাকা ধান আগামী ২৬ অক্টোবরের মধ্যে দ্রুত কেটে নিরাপদ স্থানে সরিয়ে নিতে জরুরি আহ্বান জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। শুক্রবারের (২৩ অক্টোবর) প্রাথমিক পূর্বাভাস অনুযায়ী, সম্ভাব্য ঘূর্ণিঝড়টি মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যা থেকে বুধবার (২৮ অক্টোবর) সকালের মধ্যে ভারতের পূর্ব উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। যদিও ঘূর্ণিঝড়টির সরাসরি বাংলাদেশে আঘাত হানার ঝুঁকি কিছুটা কম, তবে এর প্রভাবে মঙ্গলবার (২৭ অক্টোবর) থেকে শুরু করে সোমবার (২ নভেম্বর) পর্যন্ত রাজশাহী অঞ্চলসহ সারাদেশে শক্তিশালী বৃষ্টিবলয় সক্রিয় থাকবে আবহাওয়াবিদদের মতে, রাজশাহীর বরেন্দ্র অঞ্চলসহ পদ্মা অববাহিকায় অসময়ের আকস্মিক এই বৃষ্টিতে পাকা ধান ভিজে জমিতেই অঙ্কুরোদ্গম হওয়া, দ্রুত পচন ধরা এবং ঝোড়ো বাতাসে ধানগাছ মাটিতে হেলে পড়ে মারাত্মক ক্ষয়ক্ষতি ঘটতে পারে। এই সংকট এড়াতে সোমবার (২৬ অক্টোবরের) মধ্যে কৃষকদের পাকা ফসল কেটে ঘরে তোলার জন্য সর্বোচ্চ তাগিদ দেয়া হয়েছে। পাশাপাশি শীতকালীন আগাম সবজি চাষ কিংবা বীজতলা তৈরির যে পরিকল্পনা কৃষকরা গ্রহণ করেছিলেন, তা বৃষ্টি না থামা পর্যন্ত স্থগিত রাখতে বলা হয়েছে। যেসব জমিতে ইতিমধ্যে রবি ফসল বা সবজি রয়েছে, সেখানে যাতে কোনোভাবেই পানি জমে না থাকতে পারে, সেজন্য জমির চারপাশের নালা পরিষ্কার করে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

 

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন