এফএনএস : ভোলাহাটে এসএসসি পরীক্ষার ফরম ফিলাপের অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ করেছেন পরীক্ষার্থীরা। গতকাল ভোলাহাট রামেশ^র পাইলট মডেল ইনসটিটিউশনের ১৬ জন এসএসসি পরীক্ষার্থীসহ উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক রিফাত হোসেন টুইংকেল সাথে থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর পরীক্ষার ফরম ফিলাপের অতিরিক্ত অর্থ আদায়ের বিষয়ে লিখিত ভাবে বোর্ডের র্নিধারিত ফি নেয়ার আবেদন করেন।
অভিযোগে উল্লেখ্য করা হয়, বোর্ড কর্তৃক এসএসসি ফরম ফিলাপের নির্ধারিত ফি বিজ্ঞান বিভাগ (নিয়মিত)(৪র্থ বিষয়সহ) বোর্ড ফি ১৫০৫ টাকা, কেন্দ্র ফি ৪৬৫ ব্যবহারিক ফিসহ মোট ১৯৭০ টাকা, মানবিক বিভাগ(নিয়মিত)(৪র্থ বিষয়সহ) বোর্ড ফি ১৪১৫, কেন্দ্র ফি ৪৩৫ ব্যবহারিক ফিসহ মোট ১৮৫০। ব্যবসায়ী শিক্ষা বিভাগ(নিয়মিত)(৪র্থ বিষয়সহ) বোর্ড ফি ১৪১৫, কেন্দ্র ফি ৪৩৫ ব্যবহারিক ফিসহ মোট ১৮৫০। কিন্তু ভোলাহাট রামেশ^র পাইলট মডেল ইনসটিটিউশনে এসএসসি পরীক্ষার অতিরিক্ত ফি নেয়া হচ্ছে বিজ্ঞান বিভাগে ছাত্র ৩২০১ টাকা, ছাত্রী ২৩৬১ টাকা, মানবিক বিভাগ ছাত্র ৩০৩১টাকা, ছাত্রী ২১৯১ টাকা।
এছাড়াও উপজেলার অন্যান্য স্কুলে মানা হচ্ছে না বোর্ডের নির্ধারিত এসএসসির ফরম ফিলাপের নিয়ম। এ ব্যাপারে ভোলাহাট রামেশ^র পাইলট ইনসটিটিউশনের প্রধান শিক্ষক সাদেকুল ইসলাম জানান, বোর্ডের নির্ধারিত ফি নেয়া হচ্ছে। অতিরিক্ত কোন অর্থ আদায় করা হচ্ছে না। তিনি বলেন, সরকারের নিয়ম মেনে চলতে হবে বলে জানান। এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মশিউর রহমান, আবেদনটি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুর রহমানকে আইনানুগ ব্যবস্থা নেয়ার নির্দেশ প্রদান করেন।
এদিকে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুর রহমান জানান, সরকারের নির্দেশ অনুযায়ী পরীক্ষার্থীদের বেতন ও সেশনচার্জ ৩১ ডিসেম্বর/২০২০ পর্যন্ত পরিশোধ করতে গিয়ে টাকার অংকটা বেশী হওয়ায় এমন প্রশ্ন উঠেছে। তবে শিক্ষকেরা বিষয়টি অভিভাবকদের বুঝাতে না পারায় অতিরিক্ত অর্থ আদায়ের ব্যাপারে বির্তকের সৃষ্টি হচ্ছে বলে জানান।