২৬ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

ধামইরহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণীকক্ষ সংকট চরমে

প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৬, ৮:১০ অপরাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
ধামইরহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণীকক্ষ সংকট চরমে
বিজ্ঞাপন

ধামইরহাট প্রতিনিধি : নওগাঁর ধামইরহাট উপজেলার মধ্যে ফলাফল ও অন্যান্য এক্সটা কুকারিকুলাম কর্মসূচিতে সেরা ধামইরহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষের সংকটের কারণে ঝুঁকিপূর্ণ ভবন পাঠাদান চলছে। যার ফলে বাধ্য হয়ে শিক্ষকগণ ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ ভবনে পাঠদান কার্যক্রম পরিচালনা করছেন। এতে শিক্ষার্থীদের মনোযোগ নষ্ট হওয়ার পাশাপাশি তাদের সুষ্টু শিক্ষা কার্যক্রমও সম্পাদন বাধাগ্রস্ত হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, ধামইরহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ১৯৬৮ সালে স্থাপিত হয়। বিদ্যালয়ে দুটি পুরোনো ভবন রয়েছে। ১৯৮৪ সালের দিকে টিনের ছাউনি দিয়ে একটি তিনরুম বিশিষ্ট আধাপাকা ভবন নির্মাণ করা হয়। এর ২০ বছর পর ২০০৪ সালে ছোট পরিসরে আরও একটি পাকা দোতলা ভবন নির্মাণ করা হয়। দুটি ভবনের কক্ষগুলোতে অধিক শিক্ষার্থী নিয়ে পাঠদান চলছে। বিশেষ করে ৪২ বছর পূর্বে নির্মিত আধাপাকা ভবনটির অনেক জায়গায় টিনের ছাউনি নষ্ট হওয়ায় বৃষ্টি হলে শ্রেণীকক্ষে বৃষ্টির পানি পড়ে। তাছাড়া গরমের সময় ওই পুরাতন কক্ষগুলোতে টিনের নিচে রোদের তাপ নিয়ন্ত্রণের জন্য কোন সেলিং না থাকায় গরমের সময় প্রচন্ড গরম লাগে। তাছাড়া অনেক সিট ও হাই বেঞ্চের কাঠ ও লোহা খুলে গেছে। শিক্ষকদের বসার চেয়ার মানসম্মত নয়। এতো কিছু সংকটের মধ্যে কোমলমতি শিশুদের ক্লাসে উপস্থিত থাকা খুবই কষ্ট হয়ে পড়ে। এছাড়া দেওয়ালের বিভিন্ন স্থানে ছোট-বড় ফাটল সৃষ্টি হয়েছে। কোথাও দেয়ালের পলেস্তারা খসে পড়েছে, আবার কোথাও ছাদের অংশ দুর্বল হয়ে পড়েছে। শ্রেণিকক্ষের দেয়াল স্যাঁতসেঁতে দাগও দেখা যায়। ভবনের জরাজীর্ণ অবস্থা দেখে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। প্রতিদিন সকাল হলেই শিক্ষার্থীরা বিদ্যালয়ে এসে শ্রেণিকক্ষে বসে। কিন্তু ক্লাস চলাকালে তাদের অনেকের মধ্যেই ভয় কাজ করে। বিশেষ করে ঝড়-বৃষ্টি হলে আতঙ্ক আরও বেড়ে যায়। অভিভাবকরাও সন্তানদের বিদ্যালয়ে পাঠিয়ে নিশ্চিন্তে থাকতে পারছেন না। তাদের আশঙ্কা কাজ করছে।
এব্যাপারে প্রধান শিক্ষক মো.শহিদুল ইসলাম সবুজ বলেন, বর্তমানে অত্র বিদ্যালয়ে ৩৩৭ জন শিক্ষার্থী অধ্যয়ণ করছে। প্রাক শ্রেণীতে ৮০জন, ১ম শ্রেণীতে ৪৫ জন, ২য় শ্রেণীতে ৪৫জন, ৩য় শ্রেণীতে ৫২জন, ৪র্থ শ্রেণীতে ৫৫ জন এবং ৫ম শ্রেণীতে ৬০ জন শিক্ষার্থী রয়েছে। এছাড়া আরও কিছু শিক্ষার্থী ভর্তি হয়েছে। গত ২০২৫ সালে এ বিদ্যালয় থেকে ১৬ জন প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করে ১৫ জন বৃত্তি পেয়েছে। এর মধ্যে ১১ জন ট্যালেন্টপুলে এবং ৪ জন সাধারণ গ্রেডে। এ বিদ্যালয়ের শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি,রচনা-কুইজ,খেলাধূলা ও সাংস্কৃতিক পর্যায়ে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন এবং জেলার মধ্যে সন্তোষজনক ফলাফল করে। ২০২৬ সালে অত্র বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী মেহবুবা গণিত বিষয়ে কুইজ প্রতিযোগিতায় উপজেলা,জেলা,বিভাগ চ্যাম্পিয়ন হয়ে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। বর্তমানে শ্রেণী সংকটের কারণে শিক্ষার্থীদের মানসম্মত পাঠদান করতে শিক্ষকদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। নতুন ভবন নির্মাণের জন্য বিদ্যালয়ের জায়গা রয়েছে। অচিরে একটি আধুনিক প্রযুক্তি নির্ভর ভবন নির্মাণ করলে শিক্ষার্থীরা আরও উন্নত ও প্রযুক্তি নির্ভর পাঠদান গ্রহণ করতে পারবে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আতিকুর রহমান জানান, অন্যান্য এলাকার মডেল বিদ্যালয়ের তুলনায় এখানে তেমন ভবন নেই। মডেল বিদ্যালয়ের ফলাফল ও অন্যান্য জ্ঞানমূলক প্রতিযোগিতায় তাদের সাফল্য শতভাগ। এখানে প্রচুর শিক্ষার্থী রয়েছে তাই একটি আধুনিক ভবন নির্মাণ করা জরুরী। ভবনের চাহিদাপত্র উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট বার বার প্রেরণ করা হয়েছে। আশা করছি প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্প (পিইডিপি-৫) এর মাধ্যমে ধামইরহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি উন্নত ও আধুনিক ভবন নির্মিত হবে।
এ ব্যাপারে ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসার কাজী তাহমিন সারমিন বলেন,ধামইরহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল সন্তোষজনক। তাছাড়া উপজেলা পর্যায়ে খেলাধুলা, রচনা-কুইজ,সাংস্কৃতিকসহ বিভিন্ন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে। শ্রেণী সংকট নিরলসে যাতে একটি নতুন ভবন পায় সে ব্যাপারে আমার যা করণীয় রয়েছে সবই করা হবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন