মান্দায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু
রওশন আলম, মান্দা : নওগাঁর মান্দায় ট্রাক মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে সাগর হোসেন (২৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সকাল আনুমানিক ১০টার দিকে উপজেলার ১ নং ভারশো ইউনিয়নের মহানগর নিচপাড়া এলাকার দেলুয়াবাড়ি-চৌবাড়িয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ট্রাকের চাপায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং মোটরসাইকেল আরোহী সাগর হোসেন ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন। নিহত সাগর হোসেন উপজেলার ৮ নং কুসুম্বা ইউনিয়নের কিত্তলী গ্রামের আনোয়ার হোসেনের ছেলে বলে জানা যায়। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। এ ঘটনায় মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আফজাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ উপস্থিত হয়ে ঘাতক ট্রাক আটক করে এবং লাশের সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এ ঘটনায় মান্দা থানায় সড়ক আইনে মামলার প্রস্তুতি চলছে।
