২৫ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট কার্যক্রমে দেশসেরার স্বীকৃতি পেলো রাসিক

প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬, ৮:৩৬ অপরাহ্ণ | বিভাগ: স্পেশাল নিউজ
সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট কার্যক্রমে দেশসেরার স্বীকৃতি পেলো রাসিক
বিজ্ঞাপন

সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট কার্যক্রমে অসামান্য সাফল্যের স্বীকৃতিস্বরূপ পাঁচটি ক্যাটাগরিতে দেশের সকল সিটি কর্পোরেশনের মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে রাজশাহীর হোটেল গ্র্যান্ড রিভারভিউতে আয়োজিত ‘সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট পাইলট অ্যাক্টিভিটিজ অ্যাওয়ার্ডস নাইট’ অনুষ্ঠানে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড সিটি গভর্ন্যান্স প্রজেক্টের (ইউডিসিজিপি) পক্ষ থেকে এ পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানিকভাবে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের হাতে জাইকা ও প্রকল্পের প্রতিনিধিরা এ পুরস্কার তুলে দেন।
রাজশাহী সিটি কর্পোরেশন যে পাঁচটি ক্যাটাগরিতে এ স্বীকৃতি অর্জন করে। ক্যাটাগরিগুলো হলো— দায়িত্বশীল ব্যবস্থাপনায় অনুপ্রেরণা, পরিচ্ছন্ন পাড়া গঠনে অনুপ্রেরণা, সেবায় অনুপ্রেরণা, সামাজিক নিয়ম-শৃঙ্খলা প্রতিপালনে অনুপ্রেরণা এবং অঙ্গীকার ও প্রতিশ্রুতিতে অনুপ্রেরণা। দেশসেরা হওয়ার এ পুরস্কার রাজশাহী মহানগরবাসীকে উৎসর্গ করেছেন রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।
রাসিক প্রশাসক বলেন, নগরীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমে নগরবাসীর আন্তরিক সহযোগিতা, সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের নিরলস পরিশ্রম এবং সংশ্লিষ্ট সকলের দায়িত্বশীল ভূমিকার কারণেই এ স্বীকৃতি অর্জন সম্ভব হয়েছে। তাই এ পুরস্কার আমি রাজশাহী মহানগরবাসী, সিটি কর্পোরেশনের সকল পরিচ্ছন্নতাকর্মী এবং পরিচ্ছন্নতা বিভাগ সহ সকল কর্মকর্তা-কর্মচারীদের প্রতি উৎসর্গ করছি। এ অর্জন আমাদের আগামী দিনের কাজকে আরও গতিশীল ও অনুপ্রাণিত করবে।
অনুষ্ঠানে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ ইউসুফ মোল্লা টিপু বলেন, রাজশাহী অনেক সুন্দর শহর। আমার অনেক ভালো লেগেছে। রাজশাহীর অভিজ্ঞতা আমরা কাজে লাগাবো। আমি জাইকাকে বলেছি আগামীতে বছরে আমরা পুরস্কার নিতে চাই। অনুষ্ঠানে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাড. মোঃ সাখাওয়াত হোসেন খান বলেন, রাজশাহী শহর আমরা পর্যবেক্ষণ করেছি, শহরের বিভিন্ন দিক দেখেছি। আমাদের আনা হয়েছে যাতে আমরা রাজশাহীর মতো করে শহরগুলোকে সাজাতে পারি। রাজশাহী সফরের অভিজ্ঞতা আমি নারায়ণগঞ্জে প্রতিফলন করতে চাই।
অনুষ্ঠানে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা তানজিলা খানম, জাইকা বাংলাদেশ অফিসের প্রতিনিধি মিস সাওরি কোজিমা, ইউডিসিজিপি প্রকল্পের টিম লিডার রেমন্ড গার্সিয়া গো এবং প্রকল্প পরিচালক এ.এস.এম. রাশেদুর রহমান, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক, এলজিইডি রাজশাহী বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ মোশারফ হোসেন, রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী এ. জে. এম. মাসুদুর রহমান উপস্থিত ছিলেন। এছাড়া রাজশাহী, গাজীপুর, নারায়ণগঞ্জ ও কুমিল্লা সিটি কর্পোরেশন এবং কক্সবাজার পৌরসভার কর্মকর্তাবৃন্দ, কমিউনিটি প্রতিনিধিবৃন্দ, এলজিইডি), জাইকা ও ইউডিসিজিপির প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।-প্রেস বিজ্ঞপ্তি

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন