১৫ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

চাঁপাইনবাবগঞ্জে ওসির বিরুদ্ধে ঘুষ দাবি ও হয়রানি করার অভিযোগ

প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৬, ৮:৪৯ অপরাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
চাঁপাইনবাবগঞ্জে ওসির বিরুদ্ধে ঘুষ দাবি ও হয়রানি করার অভিযোগ
বিজ্ঞাপন

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) মোহা. নুরে আলম ও সাবেক এসআই আরিফের বিরুদ্ধে ঘুষ দাবি, ব্যক্তিগত গাড়ি বেআইনিভাবে আটক রাখা, মামলা ও তদন্তে অনিয়ম এবং পুলিশ হেফাজতে গাড়ি ভাঙচুরের অভিযোগ এনেছেন গোমস্তাপুর উপজেলার পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. মাহফুজা খাতুন। রোববার (১৫ নভেম্বর ২০২৬ খ্রি.) সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন। লিখিত বক্তব্যে মাহফুজা খাতুন জানান, গত ০৬ জানুয়ারি ২০২৬ তারিখে রাজশাহী থেকে চিকিৎসা শেষে ব্যক্তিগত প্রাইভেটকারে (ঢাকা মেট্রো-গ-২১-৬৯৮৮) বাড়ি ফেরার পথে আমনুরা টপাপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা দুটি বেপরোয়া ব্যাটারিচালিত অটোরিকশা তার গাড়িতে সজোরে ধাক্কা দেয়। এতে গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং চালকসহ অটোরিকশার যাত্রীরা আহত হন। খবর পেয়ে আমনুরা পুলিশ ক্যাম্পের এসআই আরিফ ঘটনাস্থলে গিয়ে গাড়ি ও অটোরিকশাগুলো আটক করেন।
তিনি আরও অভিযোগ করেন, পরবর্তী সময়ে গাড়িটি ছেড়ে দেওয়ার জন্য তৎকালীন ওসি মোহা. নুরে আলম ও এসআই আরিফ ৫ লাখ টাকা ঘুষ দাবি করেন। ঘুষের টাকা না দেওয়ায় কোনো মামলা ও জব্দ তালিকা ছাড়াই দীর্ঘ ১৬ দিন একটি ফিলিং স্টেশনের সামনে গাড়িটি খোলা আকাশের নিচে আটকে রাখা হয়, যার ফলে গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত ও রোদ-বৃষ্টিতে নষ্ট হয়। এছাড়া গত ২৯ মে আদালতের আদেশের পর থানায় গিয়ে গাড়ি আনতে গিয়ে দেখা যায়, গাড়ির সামনের বনেট ডেমড়ে গেছে, সামনের চাকার পাঞ্চারসহ বিভিন্ন অংশ এবং উইন্ড স্ক্রিন ভেঙে ফেলা হয়েছে। পুলিশ হেফাজতে থাকা অবস্থায় ইচ্ছাকৃতভাবে গাড়িটি ভাঙচুর করা হয়েছে বলে তিনি তীব্র সন্দেহ প্রকাশ করেন।
সংবাদ সম্মেলনে তিনি তৎকালীন বিচারিক কার্যক্রমের দীর্ঘসূত্রিতা ও অনিয়মের বিষয়েও প্রশ্ন তোলেন এবং তৎকালীন অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও আমলি আদালতের বিচারকদের ভূমিকা নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানান। সংবাদ সম্মেলনে মোসা. মাহফুজা খাতুন পুলিশ হেফাজতে গাড়ি ভাঙচুর, ঘুষ দাবি ও হয়রানির ঘটনায় নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান এবং পরিবারের নিরাপত্তা কামনা করেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন