জাতীয় পার্টি রাজশাহী মহানগর শাখার আহ্বায়ক মিন্টু সদস্য সচিব ঈশান
স্টাফ রিপোর্টার : দীর্ঘদিন পর রাজশাহী মহানগরে সাংগঠনিক তৎপরতা বাড়াতে জাতীয় পার্টি রাজশাহী মহানগর শাখার ৫১ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী বিভাগীয় সাংগঠনিক কমিটির আহ্বায়ক আলহাজ্ব এমরান হোসেন মিয়া’র সুপারিশে এই কমিটির অনুমোদন হয়। নতুন কমিটিতে মোঃ সালাউদ্দিন মিন্টুকে আহ্বায়ক ও সাজিদ রওশন ঈশানকে সদস্য সচিব করা হয়েছে। ৫১ সদস্যের এই কমিটি ইতোমধ্যে কার্যকর করা হয়েছে বলে দলীয় সূত্রে জানানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় থেকে দফতর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
দলীয় সূত্রে জানা গেছে, নবগঠিত এই আহ্বায়ক কমিটিকে আগামী তিন মাসের মধ্যে রাজশাহী মহানগরের অন্তর্গত থানা ও ওয়ার্ড কমিটি গঠন করে পূর্ণাঙ্গ মহানগর সম্মেলন আয়োজনের নির্দেশনা দেওয়া হয়েছে। কমিটির বাকি ৪৯ জন সদস্যের নাম শিগগিরই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। এ বিষয়ে নবনিযুক্ত আহ্বায়ক মোঃ সালাউদ্দিন মিন্টু বলেন, চেয়ারম্যান জি এম কাদের স্যারের প্রতি কৃতজ্ঞতা। রাজশাহী মহানগরে জাতীয় পার্টিকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো।
উল্লেখ্য, রাজশাহী মহানগর জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম দীর্ঘদিন ধরে স্থবির ছিল। নতুন এই কমিটির মাধ্যমে আসন্ন রাজনৈতিক কর্মসূচিতে দলের অংশগ্রহণ আরও জোরদার হবে বলে নেতাকর্মীরা আশা করছেন।
