রাজশাহীতে পরিবেশ দিবস উদ্যাপিত
স্টাফ রিপোর্টার
‘প্লাস্টিক দূষণ সমাধানে-সামিল হই সকলে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (০৫ জুন) সারাদেশের মতো রাজশাহীতে বিশ^ পরিবেশ দিবস নানা আয়োজনে উদ্যাপন করা হয়। দিবসটি উদ্যাপনে জেলা প্রশাসনের সহযোগিতায় রাজশাহী পরিবেশ অধিদপ্তর জেলা শিল্পকলা একাডেমিতে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণীর আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহ্, এনডিসি। প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহ্ বলেন, বিশে^র উন্নত দেশগুলোতে তারা প্লাস্টিক ব্যবহারের পরে যেখানে সেখানে ফেলে না; কিন্তু আমাদের দেশে আমরা যেখানে সেখানে ময়লা ফেলি, এটা আমরা স্বাধীনতা মনে করলেও আসলে এটা স্বাধীনতা নয়। আমাদের বুঝতে হবে স্বাধীনতা এবং স্বেচ্ছাচারিতা এক নয়। তিনি বলেন, সিঙ্গাপুরের মতো আমাদের দেশে আইন করার সময় এসে গেছে। আমরা স্মার্ট দেশে রূপান্তর হতে যাচ্ছি। আমাদের চিন্তা-চেতনা আরও আধুনিক করতে হবে।
বিভাগীয় কমিশনার আরও বলেন, প্লাস্টিকের বিপরীতে সোনালি আঁশ পাট ও কাগজের উৎপাদন বৃদ্ধি করতে হবে। আমরা যদি পাট ও কাগজের ব্যবহার বৃদ্ধি করে প্লাস্টিকের ব্যবহার কমিয়ে ফেলতে পারি তা হলেই আজকের এই প্রতিপাদ্য সফল হবে। সুন্দর পরিবেশ গঠনে নিজেকে সচেতন হতে হবে এবং আশেপাশের সকলকে সচেতন করতে হবে। পরিবেশের দিক থেকে রাজশাহী অন্যান্য শহরের তুলনায় অনেক এগিয়ে আছে উল্লেখ করে তিনি এই সফলতা ধরে রাখতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে জেলা প্রশাসক শামীম আহমেদের সভাপতিত্বে বক্তৃতা করেন রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি নরেশ চাকমা, আরএমপির অতিরিক্ত কমিশনার সামসুন নাহার, রাজশাহী বিশ^বিদ্যলয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. আবদুল্লা আল মারুফ। অনুষ্ঠান শেষে বিভাগীয় কমিশনার বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় সকল শিক্ষার্থীদের একটি করে গাছ উপহার দেওয়া হয়। এর আগে সকাল সাড়ে নয়’টায় রাজশাহী পর্যটন মোটেল হতে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। র্যালি শেষে বিভাগীয় কমিশনার বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন। উদ্বোধন শেষে তিনি জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে একটি বকুল ফুলের চারা রোপণ করেন।
রাজশাহী মহিলা কলেজ
প্রেস বিজ্ঞপ্তি : বিশ^ পরিবেশ দিবস-২০২৩ উপলক্ষে রাজশাহী সরকারি মহিলা কলেজ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। এর মাঝে ছিল বর্ণাঢ্য র্যালি, আলোচনা অনুষ্ঠান, পুরস্কার বিতরণী ও প্লাস্টিক দূষণ প্রতিরোধ বিষয়ে সচেতনতা সৃষ্টিমূলক ডিসপ্লে। সকাল ১০ টায় র্যালি কলেজের সুবর্ণজয়ন্তী চত্ত্বর হতে কলেজ প্রদক্ষিণ করে নতুন হোস্টেল চত্ত্বরে শেষ হয়। এরপর আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথি উপাধ্যক্ষ প্রফেসর ড. নাজনীন সুলতানা, প্রধান সমন্বয়ক এডুকেশন ক্যাডার্স কাউন্সিলের সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন মোল্লা এবং বিশ^ পরিবেশ দিবস-২০২৩ উদ্যাপন কমিটির আহ্বায়ক ড. মোঃ শওকত আলী, বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ এবং বিএনসিসি, রোভার, রেঞ্জার ও রেডক্রিসেন্ট ইউনিটসহ কলেজের সকল শ্রেণির ছাত্রীরা উপস্থিত ছিলেন। উক্ত আলোচনা অনুষ্ঠান ও সেমিনারে বক্তব্য উপস্থাপন করেন প্রফেসর ড. মোঃ শওকত আলী, ভূগোল ও পরিবেশ বিভাগ এবং জনাব মাহমুদা আখতার জাহান, সহকারী অধ্যাপক, ভূগোল ও পরিবেশ বিভাগ। পরিবেশ দিবস উপলক্ষ্যে আয়োজিত ‘শব্দ দূষণমুক্ত আমার পৃথিবী’ শিরোনামে চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং ‘প্লাস্টিক দূষণ ও তার প্রতিরোধ’ শিরোনামে রচনা প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ ও প্লাস্টিক দূষণ প্রতিরোধ বিষয়ে সচেতনতা সৃষ্টিমূলক ডিসপ্লের মাধ্যমে অনুষ্ঠানটির পরিসমাপ্তি ঘটে। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন ভূগোল ও পরিবেশ বিভাগের প্রভাষক জনাব শাহ্রীন আজাদ ও শিক্ষার্থী তামান্না ইমাম ঐশী।
বাগমারা
মচমইল থেকে সংবাদদাতা : “প্লাস্টিক দূষণ সমাধানে শামিল হই সকলে” প্রতিপাদ্য এবং সবাই মিলে করি পণ, বন্ধ হবে প্লাস্টিক দূষণ” এই স্লোগানকে সামনে রেখে রাজশাহীর বাগমারায় পালিত হলো বিশ^ পরিবেশ দিবস-২০২৩। সোমবার (০৫ জুন) বেলা ১১ টায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিষদ সভাকক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এ,এফ,এম, আবু সুফিয়ানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। একাডেমিক সুপারভাইজার ড. মুহাম্মদ আব্দুল মুমীতের পরিচালনায় বিশ^ পরিবেশ দিবসে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুর রাজ্জাক, মৎস্য কর্মকর্তা রবিউল করিম, শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা খন্দকার মাক্কামাম মাহমুদা, জনস্বাস্থ্যের উপ সহকারী প্রকৌশলী দিতী রানী, সহকারী উপজেলা শিক্ষা অফিসার রবিউল হাসান প্রমুখ।
