৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে ও কৃষকলী নেতা নিহত

প্রকাশিত: ২২ মে ২০২৩, ১:২১ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে ও কৃষকলী নেতা নিহত
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার

রাজশাহীতে ট্রাকের ধাক্কায় বাবা-ছেলে নিহত হয়েছেন। রোববার (২১ মে) সকাল সাড়ে ১০টার দিকে গোদাগাড়ী উপজেলার চাপল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নগরীর দামকুড়া থানার গহমাবোনা এলাকার মৃত শাজাহান আলীর ছেলে এন্তাজুল ইসলাম গোল্লা (৬৫) ও তার ছেলে কুরবান আলী (১৭)। গোদাগাড়ী থানার ওসি কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, সকালে বাবা-ছেলেসহ কয়েকজন ধান মাড়াই মেশিন নিয়ে রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জে যাচ্ছিলেন। পথে চাপাল এলাকায় পেছন থেকে দুটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই এন্তাজুল ও তার ছেলে কুরবান নিহত হন। ওসি বলেন, ট্রাক দুটি শনাক্তের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এদিকে রাজশাহীতে নৌকার মেয়রপ্রার্থীর নির্বাচনী প্রচারণায় যাওয়ার পথে নজরুল ইসলাম চিনু (৪৫) নামে এক কৃষক লীগ নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন জেলা কৃষক লীগের সভাপতি অধ্যক্ষ তাজবুল হক। গত শনিবার দিবাগত রাতে নগরীর কাশিয়াডাঙ্গা থানার সায়েরগাছা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত চিনু রাজশাহী জেলা কৃষক লীগের দপ্তর সম্পাদক ছিলেন। রাজশাহী জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক ইমন মণ্ডল জানান, জেলা কৃষক লীগের সভাপতি তাজবুল হক, সহ-সভাপতি আবদুল কুদ্দুস ও দপ্তর সম্পাদক নজরুল ইসলাম চিনু গত শনিবার নগরীর কোর্ট স্টেশন থেকে একটি অটোরিকশায় চড়ে কাশিয়াডাঙ্গা মোড়ে আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী লিটনের নির্বাচনী প্রচারণায় অংশ নিতে যাচ্ছিলেন। তারা সাইরগাছা এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি মাইক্রোবাস তাদের অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে তারা আহত হন। এ সময় স্থানীয়রা কৃষক লীগ নেতা চিনু ও তাজবুলকে হাসপাতালে পাঠালে চিকিৎসক চিনুকে মৃত ঘোষণা করেন। কাশিয়াডাঙ্গা থানার ওসি মনিরুল ইসলাম জানান, এ ঘটনায় মাইক্রোবাসটি আটক করা গেলেও এর চালক পালিয়ে গেছেন। তবে মাইক্রোবাস চালক ও মালিককে শনাক্তের চেষ্টা চলছে। নিহত কৃষক লীগ নেতার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা। এদিকে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে রামেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন রাজশাহী জেলা কৃষক লীগের সভাপতি তাজবুল ইসলাম। খবর পেয়ে গত শনিবার রাতে তাকে হাসপাতালে দেখতে যান আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়রপ্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটন। তিনি এ সময় তার শারীরিক অবস্থা ও চিকিৎসার সার্বিক খোঁজ-খবর নেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন