৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

প্রধান শিক্ষকের গাফলতিতে শিক্ষাজীবন অনিশ্চিত ১৭ জন এসএসসি পরীক্ষার্থীর!

প্রকাশিত: ১৭ মে ২০২৩, ১০:২৮ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
প্রধান শিক্ষকের গাফলতিতে শিক্ষাজীবন অনিশ্চিত ১৭ জন এসএসসি পরীক্ষার্থীর!
বিজ্ঞাপন

সনি আজাদ, চারঘাট
রাজশাহীর চারঘাট উপজেলার অর্থনীতি বিষয়ে পড়া ১৫ জন পরীক্ষার্থীর প্রবেশপত্র এসেছিল পৌরনীতির। প্রবেশপত্র হাতে পাওয়ার পর থেকেই দুশ্চিন্তায় পড়েন শিক্ষার্থীরা। বিদ্যালয় কতৃপক্ষ প্রবেশপত্র সংশোধন করে দেওয়ার আশ্বাস দেওয়ায় গত মঙ্গলবার (১৬ মে) অনুষ্ঠিত পৌরনীতি পরীক্ষায় অংশগ্রহণ করেননি এসব পরীক্ষার্থীরা। কিন্তু বৃহস্পতিবার (১৮ মে) অর্থনীতি পরীক্ষা অনুষ্ঠিত হলেও এই প্রতিবেদন লেখা পর্যন্ত সংশোধিত প্রবেশপত্র হাতে পায়নি তাঁরা।
নবম শ্রেণীতে ভুল ক্রমে পৌরনীতি বিষয়ে রেজিষ্ট্রেশন করার দুই বছর সময়েও বিষয়টি সংশোধন না হওয়ায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবর হোসেনের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও অবহেলার অভিযোগ তুলেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। ভুক্তভোগী শিক্ষার্থীরা বুধবার উপজেলা নির্বাহী অফিসার ও মাধ্যমিক শিক্ষা অফিস বরাবর লিখিত অভিযোগ করেছেন।
ভুক্তভোগী ওই শিক্ষার্থীরা উপজেলার সরদহ ইউনিয়নের সাদীপুর উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। পৌরনীতি পরীক্ষায় অনুপস্থিত থেকে এবং অর্থনীতি পরীক্ষার সংশোধিত প্রবেশপত্র হাতে না পেয়ে পরবর্তী শিক্ষাজীবন নিয়ে অনিশ্চিত দিন পার করছে ওই পরীক্ষার্থীরা।
অভিযোগ সূত্রে জানা যায়, সাদীপুর উচ্চ বিদ্যালয় থেকে এবার ২০ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। এর মধ্যে তিন জন বিজ্ঞান বিভাগের। মানবিক বিভাগের ১৭ জনের মধ্যে দুইজনের অর্থনীতি বিষয়ের প্রবেশপত্র এসেছে। বাকি ১৫ জনের পৌরনীতি বিষয়ের প্রবেশপত্র এসেছে। অথচ ওই প্রতিষ্ঠানে কখনই পৌরনীতি বিষয় পড়ানো হয়না। নবম শ্রেণীতে রেজিষ্ট্রেশন ফরম পুরণের সময় ভুলক্রমে পৌরনীতি বিষয় উল্লেখ করে শিক্ষার্থীরা। পরবর্তীতে ভুলটি প্রকাশ পেলে শিক্ষার্থীরা প্রধান শিক্ষককে জানালে তিনি সংশোধনের আশ্বাস দেন। ভুল সংশোধনের জন্য শিক্ষার্থীদের কাছে থেকে বিদ্যালয়ের অফিস সহকারী আরিফুল ইসলাম এক হাজার টাকা করে নেয়। কিন্তু গত দুই বছরেও ভুলটি সংশোধন হয়নি।
এসএসসি পরীক্ষার আগে প্রবেশপত্র হাতে পেয়ে ১৫ জন পরীক্ষার্থী দেখে তাঁদের পৌরনীতি বিষয়ে প্রবেশপত্র এসেছে। বিষয়টি নিয়ে তারা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে চার-পাঁচ দিন গেলেও তাঁর দেখা পায়নি। অবশেষে ফোনে বিষয়টি তাকে জানালে অর্থনীতি পরীক্ষার আগেই প্রবেশপত্র সংশোধন হবে জানিয়ে অফিস সহকারী আরিফুলের সাথে যোগাযোগ করতে বলেন তিনি। তখন আরিফুল আরো ৫৫৮ টাকা করে শিক্ষার্থীদের কাছে দাবি করেন। প্রধান শিক্ষকের আশ্বাসে শিক্ষার্থীরা প্রবেশপত্রে উল্লেখিত পৌরনীতি পরীক্ষায় অংশগ্রহণ করেনি। এদিকে অর্থনীতি পরীক্ষার আগের দিনও সংশোধিত প্রবেশপত্র হাতে না পাওয়ায় তাঁদের শিক্ষাজীবন অনিশ্চিতায় পড়েছে।
ভুক্তভোগী শিক্ষার্থী আবু সাঈদ বলেন, প্রধান শিক্ষককে আমরা কখনও স্কুলে পাইনা। তাকে ফোনে বার বার কান্না করে অনুরোধ করলে অফিস সহকারী আরিফুলের সাথে যোগাযোগ করতে বলে। আরিফুল টাকা ছাড়া কোনো কথা শোনেনা। আমরা টাকা পরিশোধ করেও প্রবেশপত্র সংশোধন পাইনি। কালকে পরীক্ষা কোনো উপায় না পেয়ে আজ উপজেলায় এসেছি অভিযোগ জানাতে। নয়তো আমরা জীবনে এক বছর পিছিয়ে যাবো।
পরীক্ষার্থীর অভিভাবকরা জানান, প্রধান শিক্ষক বাবর হোসেন সপ্তাহে দু একদিন স্কুলে আসেন। মূলত অফিস সহকারী আরিফুল প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন। তাদের অবহেলাতে এ অবস্থার সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে বিদ্যালয়ের অফিস সহকারী আরিফুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা রেজিষ্ট্রেশন করার সময় নিজেরা দেখে ফরম পূরণ করেনি এটা তাদের গাফিলতি। আমরা এ ব্যাপারে কাউকে জবাব দিতে বাধ্য নই। আরো কিছু জানার থাকলে প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ করতে পারেন।
এ বিষয়ে জানতে সাদীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবর হোসেনের মুঠোফোনে ফোন করলে তিনি সাংবাদিক পরিচয় পাবার পরে সংযোগটি কেটে মুঠোফোন বন্ধ করে দেন। শিক্ষার্থীদের অভিযোগের বিষয়ে উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ রাহিদুল ইসলাম বলেন, ১৫ জন পরীক্ষার্থীর অভিযোগ পাবার পর আমরা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ করেছি। আজকের মধ্যে প্রবেশপত্র সংশোধন করে তাঁদের অর্থনীতি পরীক্ষা দেওয়ার সুযোগ করে দেওয়া হবে মর্মে প্রধান শিক্ষক জানিয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সোহরাব হোসেন বলেন, বিষয়টি খোঁজ খবর নিয়ে শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি প্রতিষ্ঠান প্রধানের কোনো গাফলতি থাকলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন