এফএনএস
ঝিনাইদহের কালীগঞ্জে পান চুরির সন্দেহে পিটুনিতে সূর্য মাল ওরফে সূর্য (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গত বুধবার সকালে উপজেলার শালিখা গ্রামে পান চুরির অপরাধে তাকে পিটিয়ে আহত করেন স্থানীয়রা। এতে অসুস্থ হয়ে পড়লে তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার ভোর ৪টার দিকে তিনি মারা যান। নিহত সূর্য মাল সিরাজগঞ্জ জেলার এনায়েতপুরের মাধবপুর গ্রামের রামচন্দ্র মালের ছেলে বলে জানিয়েছে পুলিশ। স্থানীয়রা জানান, এলাকায় প্রায়ই পান চুরির ঘটনা ঘটে। ঘটনার দিন সকালে স্থানীয় পানচাষি আবদুর রহিমের বরজে পান তুলতে দেখে তাকে আটক করেন।
এ সময় উত্তেজিত জনতা তাকে মারপিট করেন। এতে তিনি অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তি করা হয়। কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী মেডিকেল অফিসার ডা. রেজোয়ান আহমেদ জানান, ওই ব্যক্তিকে অজ্ঞান অবস্থায় গত বুধবার সকালে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। তার চিকিৎসা চলছিল। কিন্তু গতকাল বৃহস্পতিবার ভোরে তিনি মারা যান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি ঘুমের মধ্যে স্ট্রোক করেছিলেন। কালীগঞ্জ থানার ওসি আবদুর রহিম মোল্যা জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে। পরিচয় শনাক্তের পর তার পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তারা এলে লাশ হস্তান্তর করা হবে।