দুর্গাপুরে গাজর চাষে প্রথমবারেই সফল আইকন এগ্রোটেক ফার্ম
স্টাফ রিপোর্টার, দুর্গাপুর : রাজশাহীর দুর্গাপুরে পরীক্ষামূলকভাবে গাজর চাষ করে প্রথমবারেই সফল হয়েছেন আইকন ট্রেড ইন্টারন্যাশনালের অঙ্গ সহযোগী প্রতিষ্ঠান আইকন এগ্রোটেক ফার্ম। মাটির নিচে ধীরে ধীরে বেড়ে উঠছে গাজর। মাটি থেকে প্রয়োজনীয় পুষ্টি উপাদান পেয়ে ফলও বাড়ছে। জানা যায়, আইকন ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী তোফাজ্জল হোসেন তপু নিজ উদ্যোগে দুর্গাপুর উপজেলার নওপাড়া ইউনিয়নের মশুরা ডাঙ্গাপাড়া গ্রামে আইকন এগ্রোটেক ফার্ম নামক প্রতিষ্ঠানে ৩৩ শতক জমিতে গাজর চাষ করেছেন। স্বল্প খরচে বেশি লাভজনক বাণিজ্যিকভাবে গাজর চাষে আগ্রহ বাড়ছে। প্রথমবারের মতো গাজর চাষ হওয়ায় বাগান দেখতে সাধারণ মানুষের সমাগম দেখা যায়। সরেজমিনে দেখা যায়, আধুনিক পদ্ধতিতে চাষ করা গাজরের গাছগুলো বেশ সতেজ। এই নতুন ফসলের চাষাবাদ দেখতে আশপাশের অনেক কৃষক সেখানে আসছেন এবং চাষপদ্ধতি সম্পর্কে কৃষি উদ্যোক্তা’র নিকট জানতে আগ্রহ প্রকাশ করছেন। স্থানীয়রা জানান, এই প্রথম গাজর চাষ হয়েছে এ এলাকায়। গাজরের বাগান দেখতে অনেক সুন্দর। এলাকার অনেক চাষি গাজর চাষে আগ্রহ দেখাচ্ছেন, আগামী মৌসুমে তারাও গাজর চাষ শুরু করবেন। আইকন এগ্রোটেক ফার্মের পরিচালক কৃষি উদ্যোক্তা মানিক বাদশা ডলার বলেন, প্রথম গাজর চাষ করেছি। গাছের বৃদ্ধি খুব ভালো হয়েছে। আশা করছি ফলনও আশানুরূপ হবে। আগামীতে চাষ আরও বাড়ানোর প্রস্তুতি নিচ্ছি। এই মৌসুমে ৩৩ শতাংশ জমিতে জমি চাষ, বেড তৈরি, বীজ বপন, সেচ, নিড়ানি সব মিলিয়ে এ পর্যন্ত ২২ হাজার টাকার মতো খরচ হয়েছে। বর্তমানে গাজর গাছের বয়স ৪৫ দিন আর ৩৫ থেকে ৪০ দিনের মধ্যে জমিতে গাজর তোলা যাবে। বাজারে বর্তমানে গাজরের দাম প্রতি কে.জি. ২৫০-২৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকলে এবং দাম ভালো পেলে ৪ লাখ টাকার মতো বিক্রি করা যাবে। দুর্গাপুর উপজেলা কৃষি কর্মকর্তা সাহানা আক্তার লাবনী বলেন, ‘গাজর পুষ্টিগুণ সম্পন্ন সবজি। অর্থকরী ফসল হিসেবে কৃষিখাতে গাজর সম্ভাবনাময় ফসল। সঠিকভাবে বাজারজাত করার ও সংরক্ষণের ব্যবস্থা থাকলে কৃষক উপকৃত হবেন। কৃষি অফিসের পক্ষ থেকে কৃষকদের সব রকম সহযোগিতা অব্যাহত থাকবে। আগামীতে গাজর চাষে কৃষক এগিয়ে আসবেন এবং এ থেকে প্রচুর লাভবান হবেন।’
