মোহনপুর-বাগমারা সীমান্তে নীতিমালা উপেক্ষা করে হাট বসানোর অভিযোগ
জুয়েল, মোহনপুর
রাজশাহী মোহনপুর ও বাগমারা উপজেলার ৫টি ইজারাভুক্ত হাট সংলগ্ন স্থানে নীতিমালা উপেক্ষা করে বাগমারার গনিপুর ইউপির কুমানীতলা নামক স্থানে পান-লগড়ের নতুন হাট বসানোর অভিযোগ উঠেছে। সরকারী ইজারাভুক্ত হাট ইজারাদাররা চরম লোকসানে পড়লেও স্থানীয় প্রশাসনের সহযোগিতায় দেদারসে চলছে এ অবৈধ হাটটি। এবিষয়ে ভুক্তভুগি ইজারাদারগণ রাজশাহী জেলা প্রশাসক বরাবর একাধিক লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাজশাহীর মোহনপুর-বাগমারা উপজেলা সিমান্তবর্তী স্থানে ইজারাভুক্ত ৫টি হাট অবস্থিত। এসব হাটের মধ্যে মোহনপুর উপজেলার পাকুড়িয়া হাটের ইজারা মুল্য প্রায় ৫৫ লাখ টাকা, কুঠিবাড়ী হাটের ইজারা মুল্য প্রায় ১৯ লাখ টাকা, বাগমারা উপজেলার মাদারীগঞ্জ হাটের ইজারামুল্য প্রায় ৪৬ লাখ টাকা, দুর্গাপুর হাটের ইজারা মুল্য প্রায় ১৮ লাখ টাকা এবং মোহনগঞ্জ হাটের ইজারা মুল্য প্রায় ১৯ লাখ টাকা। এ পাঁচটি হাটের সরকারী রাজস্ব আয় প্রায় ১ কোটি ৭০লাখ টাকা।
হাট বসানোর সরকারী নীতিমালা ভঙ্গ করে নিজেদের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে বাগমারা উপজেলার গনিপুর ইউনিয়ন এলাকার মামুন মাস্টার, মজিবর রহমান, জাহাঙ্গীর ও আসাদুলসহ ১০ থেকে ১৫ জন প্রভাবশালীর যোগসাজসে উল্লেখিত ইজারাভুক্ত হাটের ২/৩ কিলোমিটার দুরুত্বের মধ্যে কুমানীতলায় আকষ্মিক ভাবে হাট বসিয়ে সরকারকে ফাঁকি দিয়ে লাখ লাখ টাকা খাজনা আদায় করছেন। এমন কি অবৈধভাবে বসানো হাটের জন্য প্রয়োজনীয় জমি বন্দেবস্ত নাই। খাজনা আদায়ের একাংশ স্থানীয় প্রশাসনকে ম্যানেজের কাজে ব্যবহৃত হওয়ার খবর পাওয়া গেছে। পার্শ্ববর্তী হাটবারেই বসছে এই হাট। হাটটিতে ব্যবসায়িদের জন্য নেই জানমালের নিরাপত্তা ব্যবস্থা। প্রাকৃতিক দুর্যোগ হলে আত্মরক্ষারও জায়গা নেই বলে মন্তব্য করেন এলাকাবাসী।
বাগমারা উপজেলা নির্বাহি অফিসারকে বরাবর এ হাট বন্ধে অভিযোগ করে সহযোগিতা না পেয়ে জেলা প্রশাসক বরাবর অভিযোগ করেন পাকুড়িয়াহাট ইজারাদার আতাউর রহমান। তিনি জানান, বাগমারার ইউএনও এর সহযোগিতায় চলছে এ হাট। আমিসহ পার্শ্ববর্তী সকল হাট ইজারাদাররা তার কাছে পর্যায়ক্রমে অভিযোগ করেও কোনো সুফল পাওয়া যায়নি। এজন্য গত ৩ এপ্রিল রাজশাহী জেলা প্রশাসক বরাবর সহয়োগিতা চেয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছি। আশাকরি অবৈধ হাট বন্ধে আমরা সহযোগিতা পাবো।
এ বিষয়ে বাগমারা উপজেলা নির্বাহি অফিসার এএফএম আবু সুফিয়ান বলেন, স্থানীয় কয়েক জন ব্যক্তি সেখানে হাট বসিয়েছে। তারা হাটে জমি দান করবেন এ মর্মে হাট বসছে। একটি হাট হতে অন্য হাটের দুরুত্ব থাকার বিষয়টি আমার জানা নেই।
