২১ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

তাপপ্রবাহ দূর হতে পারে

প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৩, ১০:২২ অপরাহ্ণ | বিভাগ: সমসাময়িক খবর
তাপপ্রবাহ দূর হতে পারে
বিজ্ঞাপন

এফএনএস
দিনের তাপমাত্রা কমে বিভিন্ন জায়গা থেকে তাপপ্রবাহ দূর হতে পারে বলেও জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। গত বৃহস্পতিবার সকাল ৬টা থেকে গতকাল শুক্রবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগ ছাড়া সব বিভাগেই কম-বেশি বৃষ্টি হয়েছে। এ সময় সবচেয়ে বেশি ৭৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে মোংলায়। গত বৃহস্পতিবার বিকেলে ঢাকায় কালবৈশাখী ঝড়ের সঙ্গে বৃষ্টি হয়েছে। ঢাকায় ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। গতকাল শুক্রবার সকাল থেকে ঢাকার আকাশে কিছুটা মেঘ রয়েছে। মাঝে মাঝেই মেঘের আড়ালে লুকিয়ে পড়ছে সূর্য। গত বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস ছিল যশোরে। ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানান, রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এ সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগসহ পাবনা জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছুকিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে বলেও জানান তিনি। আগামী তিন দিনের আবহাওয়ার পূর্বাভাসে বজলুর রশিদ জানান, এ সময়ে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পেতে পারে। গতকাল শুক্রবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন