নগরীর বুধপাড়ায় অগ্নিসংযোগ স্বামী-স্ত্রীকে মারধরের অভিযোগ
স্টাফ রিপোর্টার
গত ২১-০৪-২০২৩ ইং তারিখ রাতে নগরীর মতিহার থানাধীন বুধপাড়া এলাকায় আগুণ সন্ত্রাসের পাশাপাশি রাজনৈতিক দলের পরিচয় ব্যবহার করে এক পরিবারের উপর শারীরিক নির্যাতনের ঘটনা ঘটেছে। অবশেষে ভুক্তভোগী পরিবার কোন উপায়ন্তর না দেখে জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ ফোন করে সহায়তা চাইলে প্রায় একঘন্টা পরে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেও ব্যর্থ হয় বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের। ভুক্তভোগী পরিবারের উপর এখনো নিয়মিত ভাবে হুমকি ধামকি আসার প্রেক্ষিতে গত ২৪ এপ্রিল নগরীর মিয়াপাড়াস্থ একটি ইভেন্ট ম্যানেজমেন্ট কার্যালয়ে উপস্থিত সাংবাদিকদের সামনে সংবাদ সম্মেলনের মাধ্যমে ঐদিনের ঘটনা ও বর্তমান অবস্থা তুলে ধরেন। ঐ ঘটনার প্রেক্ষিতে ভুক্তভোগী পরিবার গত ২৩-০৮-২০২৩ তারিখে জীবনের নিরাপত্তা চেয়ে মতিহার থানায় পাঁচজনের নাম উল্লেখ্যপূর্বক একটি সাধারণ ডায়েরি করেন। অভিযুক্তরা হলেন, ঐ এলাকার আলাউদ্দিন, মাসুদ, রাব্বেল আহমেদ, হাসিবুল ও বাক্কার। বাড়ির সিসি ক্যামেরায় পুরো ঘটনার ভিডিও ফুটেজ ধারণ করা আছে বলেও দাবি করেন সংবাদ সম্মেলন করা ভুক্তভোগী ঐ পরিবারের সদস্যরা।
মতিহার থানাধীন বুধপাড়া এলাকার বাসিন্দা উম্মে কুলসুম মনি ও তার স্বামী মনিরুল ইসলাম সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে বলেন, গত ২১-০৪-২৩ তারিখ রাত্রি আনুমানিক ১:৩০ ঘটিকার সময় তাদের বাড়ির সিড়ি ঘরে ককটেল বিস্ফোরণ তুল্য বিকট শব্দ শুনতে পেলে তৎক্ষণাত তারা বাড়ির নিচে নেমে আসেন। সেখানে এসে তারা দেখেন কে বা কাহারা বাসার সিড়ি ঘরে ও বাইরে থাকা দুটো মোটর সাইকেলে আগুণ ধরিয়ে দিয়েছে। সেটি দেখে প্রথমে তারা আগুণ নেভানোর কাজে ব্যস্ত হয়ে পরে। পরবর্তীতে ঘরে প্রবেশ করে ঘটনাস্থলে থাকা সিসি ক্যামেরার ফুটেজ দেখে নিশ্চিত হন বেশ কয়েকটি বড় আকৃতির পটকা একত্রিত করে পরিকল্পিতভাবে মোটারসাইকেলটি টার্গেট করে ফোঁটানো হয়েছে। যার কারণে মোটর সাইকেল দুটোতে আগুণ লাগে। আর এই অপরাধটি করানো হয়েছে ঐ এলাকার আলাউদ্দিনের আত্মীয় হাবুর ছেলে নিরব (১৩) নামের এক শিশু বাচ্চাকে দিয়ে ! আগুণ নেভাতে নেভাতে ভুক্তভোগীরা একটু চেচামেচি করা মাত্রই ঐ এলাকার নেতা আলাউদ্দিনের দুই ভাই মাসুদ ও বাক্কার সেখানে উপস্থিত হয়ে ক্ষতিগ্রস্থ উম্মে কুলসুম ও তার স্বামী মনিরুলকে বলেন এতো চেচামেচি করছিস কেন। তারা প্রতুত্তর দেয়া মাত্রই অভিযুক্তরা তাকে ও তার স্বামীর শরীরের কাপড় ধরে টানাটানি শুরু করেন। তারা বাঁধা দিতে গেলে এপর্যায়ে কিলঘুষি মারা শুরু করেন। স্বামী-স্ত্রী অনুন্যপায় হয়ে ৯৯৯ এ ফোন দিয়ে সহোযোগিতা চাইলে মতিহার থানার এএসআই জুয়েল সেখানে উপস্থিত হন। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হওয়ার কিছুক্ষণ পরেই মতিহার থানা আ’লীগের সাধারণ সম্পাদক আলাউদ্দিন আট-দশ জন যুবক সঙ্গে নিয়ে সেখানে এসে পুলিশের সামনে আবারো তাদেরকে মারধর করেন। এবং পুলিশকে বলেন কুলসুমের স্বামীকে গ্রেফতার করে নিয়ে যান। সেটা না করলে আপনার (পুলিশ সদস্য) এখান থেকে চলে যান। আমাদের মহল্লার বিষয় আমরাই দেখবো। পুলিশের নিরব ভূমিকা দেখার পর ভুক্তভোগীরা উচ্চকন্ঠে বলতে থাকেন, আমরা কি আইনের আশ্রয় পাবোনা। একথা শোনার পর আলাউদ্দিন ও তার ভাইয়েরা উত্তেজিত হয়ে আবরো স্বামী-স্ত্রীকে মারধর করেন। অভিযুক্তরা চলে যাবার সময় হুমকির শুরে বলেন, বেশি বাড়াবাড়ি করলে তোদের বাড়িঘর আগুণ দিয়ে পুড়িয়ে দিবো। আর তোর স্বামীকে মেরে ফেলে লাশ গুম করে দিবো। ভুক্তভোগী পরিবার নিজেদের জানমালের নিরাপত্তা চেয়ে প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তা ও রাসিক মেয়রের কাছে সহোযোগিতা কামনা করেছেন। উল্লেখ্য, অভিযুক্তদের হাত থেকে প্রতিকার পাবার আশায় বিষয়টি নগরপিতার সহধর্মীনি ও মহানগর আ’লীগের ভাইস প্রেসিডেন্ট শাহিন আক্তার রেনী কেও মৌখিক ভাবে জানিয়েছেন ভুক্তভোগী উম্মে কুলসুম ও তার পরিবার। তিনি আশ্বস্ত করেছেন ইদের পরে বিষয়টি দেখবেন। থানায় করা অভিযোগের বিষয়টি জানার পর থেকে ভুক্তভোগী পরিবারের উপর আরো বেশি আক্রোশমূলক আচরণ করতে থাকে অভিযুক্তরা বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের। প্রায় প্রতিনিয়তই ভাড়াটে গুন্ডাবাহিনী দিয়ে অভিযুক্তরা ভয়ভীতি ও হুমকি-ধামকি প্রদর্শন করছে বলেও জানান তারা।
এবিষয়ে মতিহার থানার ওসি কে ফোন করলে তিনি ব্যস্ত আছেন এবিষয়ে পরে কথা বলবেন বলে ফোন কেটে দেন। পরবর্তীতে তিনি জানান, ঐ ঘটনার প্রেক্ষিতে থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। ঘটনার সত্যতা ছাচাই পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনা ও অভিযোগ সম্পর্কে অভিযুক্ত আলাউদ্দিনকে ফোন করলে তিনি প্রথমে বলেন, অভিযোগগুলো মিথ্যা। ভিডিও ফুটেজের কথা বললে তিনি বলেন, আমিও দেখবো কি আছে ভিডিও ফুটেজে। তার কিছুক্ষণ পরেই আলাউদ্দিনের ছোট ভাই অভিযুক্ত মাসুদ বলেন, ইদের আগেরদিন চানরাতে ছোট ছোট বাচ্চারা তো পটকা ফোটাবেই ! তাছাড়া কুলসুম সেদিন সবার সামনে খুব বাজে ভাষায় গালিগালাজ করছিল। আমরা তাকে থামতে বললেও সে অনর্গল নোংড়া ভাষায় গালিগালাজ করছিল। তাকে ও তার স্বামীকে মারধরের কোন ঘটনা ঘটেনি। তারা মিথ্যা কথা বলছে।
