সার্ভার সমস্যায় ভোগান্তিতে রেলের টিকিটপ্রত্যাশীরা

Paris
Update : রবিবার, ৯ এপ্রিল, ২০২৩

এফএনএস
প্রথম দিনে সার্ভার নিয়ে কোনো জটিলতা না হলেও দ্বিতীয় দিনে টিকিট কাটতে গিয়ে ভোগান্তিতে পড়েছেন ঈদযাত্রায় রেলের টিকিটপ্রত্যাশীরা। এতে টিকিট দেখা গেলেও তা কিনতে পারেননি অনেক যাত্রী। গতকাল শনিবার সকাল আটটা থেকে টিকিট বিক্রয় কার্যক্রম শুরু হলে সার্ভার জটিলতায় যাত্রীরা টিকিট কাটতে সমস্যায় পড়েন। এতে টিকিটপ্রত্যাশী যাত্রীরা পড়েন নতুন ভোগান্তিতে। গত শুক্রবারের মতো গতকাল শনিবারও প্রচণ্ড চাপ ছিল টিকিট কাটার। সার্ভার জটিলতায় অনেকে ‘রেলসেবা’ অ্যাপে ঢুকতেই পারেননি। অনেকে অ্যাপ বা ওয়েবসাইটে ঢুকতে পারলেও টিকিট বুকিং অপশনে ক্লিক করার পরে দীর্ঘক্ষণ আটকে থেকেছে। অনেকের পরবর্তী ধাপে সিলেক্ট হলেও টিকিট পারচেজ হয়নি। ওয়েবসাইটে টিকিট দেখা গেলেও লগইন করতে পারেননি বলে জানিয়েছেন অনেকে। সার্ভার জটিলতায় উত্তরবঙ্গের একতা, দ্রুতযান, পঞ্চগড় এক্সপ্রেস, লালমনি এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস ও কুড়িগ্রাম এক্সপ্রেসের টিকিট শেষ হতে সময় নেয় দুই ঘণ্টার বেশি। শনিবার ঢাকা থেকে রাজশাহীতে চলা চারটি আন্তঃনগর ট্রেনের টিকিটও শেষ হয় সাড়ে নয়টার পর। যদিও শুক্রবার এসব ট্রেনে সকাল ৮টার কিছুক্ষণ পরেই কোনো টিকিট পাওয়া যায়নি। যশোর ও খুলনাগামী সুন্দরবন ও চিত্রা এক্সপ্রেসে যশোরের মাত্র ৫টি সিট খালি থাকলে খুলনার প্রায় ২০০ সিট খালি রয়েছে। অন্যদিকে বেনাপোল রুটের বেনাপোল এক্সপ্রেসে খালি রয়েছে ২৪টি সিট। সিলেট রুটের কালনী, পারাবত, জয়ন্তিকা, উপবন এক্সপ্রেসের টিকিট পাওয়া যাচ্ছিল ৯টার পরেও। এছাড়া চট্টগ্রাম রুটের চট্টলা, সুবর্ণা, সোনার বাংলা এক্সপ্রেসের টিকিটও পাওয়া যাচ্ছিল। তবে ময়মনসিংহ, জামালপুর রুটের চলাচলকারী অগ্নিবীণা, ব্রহ্মপুত্র, যমুনা, জামালপুর ও তিস্তা এক্সপ্রেস ট্রেনের টিকিটের চাহিদাও ছিল বেশি। তবে এ রুটের যাত্রীদের টিকিট কাটতে ভোগান্তি পোহাতে হয়নি। ১০টা ৫০ মিনিটের সময় এ রুটের ৩ হাজার টিকেটের মাঝে মাত্র ১৫টি অবিক্রিত ছিল। সার্বিক বিষয়ে কমলাপুর রেলস্টেশনের স্টেশন ম্যানেজার মো. মাসুদ সারওয়ার বলেন, ঈদযাত্রায় রেলের অগ্রিম টিকিটপ্রত্যাশীদের চাপ বেশি থাকায় সার্ভারে জটিলতা তৈরি হয়েছে। এ কারণেই টিকিট বিক্রিতে ধীরগতি দেখা যাচ্ছে। রেলের অ্যাপে প্রতি মিনিটে অন্তত ১০ লাখ ভিজিটর প্রবেশ করতে পারেন। এ ছাড়া প্রতি মিনিটে টিকিট বিক্রি করা যায় আট হাজার। কিন্তু আজ টিকিটপ্রত্যাশীদের চাপ অনেক বেশি। আজ অন্তত ১৩ লাখ ভিজিটর একবারে প্রবেশ করছেন, এ কারণেই জটিলতা তৈরি হয়েছে। ট্রেনের টিকিট বিক্রির অপারেটর সহজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সন্দীপ দেবনাথ বলেন, আমাদের সার্ভারের কোনো জটিলতা পাইনি। কারণ যাত্রীরা অনলাইনে টিকিট কাটতে পেরেছেন। যদি সার্ভারের সমস্যা থাকত তাহলে, যাত্রীরা টিকিট কাটতে পেতেন না। টিকিট কম চাহিদা বেশি ফলে সবাই টিকিট পাবেন না। ট্রেনে প্রতিদিন বিক্রি করা হবে ২৫ হাজার ৭৭৮টি টিকিট। শনিবার দেয়া হয়েছে ১৮ এপ্রিলের অগ্রিম টিকিট। ৯ এপ্রিল বিক্রি করা হবে ১৯ এপ্রিলের টিকিট, ১০ এপ্রিল বিক্রি করা হবে ২০ এপ্রিলের টিকিট এবং ১১ এপ্রিল বিক্রি করা হবে ২১ এপ্রিলের টিকিট।

 


আরোও অন্যান্য খবর
Paris