সাবাইহাট থেকে প্রতিনিধি
রাজশাহীর বাগমারায় জামিনে বেরিয়ে এসে বাদীকে প্রাণ নাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। শনিবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় উপজেলার সোনাডাঙ্গা ইউনিয়নের বিলশনি মৎস্যজীবী পাড়া রাস্তায় এ মানববন্ধন করা হয়। জমিজমা ও পূর্ব শত্রুতার জেরে ১২ মার্চ বিলশনি গ্রামের কাশেম আলীর পুত্র মামনুর রশীদকে ডান হাত-দু’পা ভেঙ্গে দেয়া হয়। দেশীয় অস্ত্রের আঘাতে ডান হাতের কনিষ্ঠ আঙ্গুল বিচ্ছিন্ন হয়ে গেছে। মামনুর রশীদ বাগমারা থানায় বাদী হয়ে সোনাডাঙ্গা গ্রামের মৃত জসিম উদ্দীনের পুত্র মোজাম্মেল হক সহ সতেরো জনের নামে মামলা দায়ের করেন।
পনেরো জন বিবাদী কোর্ট থেকে জামিন নিয়ে ভিকটিমকে প্রাণ নাশের হুমকি প্রদান করে আসছে। এমন কী রাতের অন্ধকারে বসতবাড়ীতে ইট-পাটকেল নিক্ষেপ করা হচ্ছে। অপর দু’জন বিবাদী আকবর আলী ও আলতাফ হোসেন পলাতক থাকলেও মাঝে মাঝে তাঁরা বাড়ীতে আসছেন বলে জানিয়েছেন গ্রাম্য মাতবর আব্দুল জব্বার। তিনি আরও জানান, রক্তাক্ত বাগমারা আজ শান্তির বাগমারায় পরিণত হয়েছে।
পিটিয়ে দু’পা-হাত ভেঙ্গে দেয়ার পরও যদি নূন্যতম আসামি গ্রেপ্তার না হয় তা হলে আইনের প্রতি সাধারণ মানুষ বিতশ্রদ্ধ হবে। এ বিষয়ে বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলামের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, (ইনভেসটিগেশন অফিসার) আই.ও কে এক্ষুনি বলে দিচ্ছি।