লীড
চারঘাট প্রতিনিধি
রাজশাহীর চারঘাটে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে উপজেলার চারঘাট-বানেশ্বর সড়কের নাওদাড়া এলাকায় এ দুর্ঘটনার ঘটে। নিহত দুই বন্ধু হলেন. পুঠিয়া উপজেলার চিতলপুর গ্রামের তজিবার রহমানের ছেলে অনিক ইসলাম (১৮) ও একই গ্রামের আমিনুল ইসলামের ছেলে মুরাদ আলী (১৭)। নিহত দুজনেই একাদশ শ্রেণীর শিক্ষার্থী। পুলিশ ও স্থানীয়রা জানান, মোটরসাইকেল আরোহীরা চারঘাটের সরদহ বাজার থেকে পুঠিয়ার বানেশ্বর বাজারে যাওয়ার পথে বিপরীত দিক থেকে দ্রুতগামী আসা ট্রাকের মুখোমুখি সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক অনিক মারা মারা যায়। গুরুতর জখম অবস্থায় মুরাদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে ফায়ার সার্ভিসের একটি দল। হাসপাতালে নিয়ে আসার পর মুরাদও মারা গেছে বলে নিশ্চিত করেন দায়িত্বরত চিকিৎসক এ এইচ এম আলী নেওয়াজ। চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলম দুই জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, দূর্ঘটনার পর ট্রাক চালক পালিয়ে গেছে। ঘাতক ট্রাকটি আটক করে থানায় আনা হয়েছে। নিহতদের পরিবার অভিযোগ জানালে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।