৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

আয় আছে কোটি টাকা নাই হাটের উন্নয়ন!

প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৩, ৪:৩৭ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
আয় আছে কোটি টাকা নাই হাটের উন্নয়ন!
বিজ্ঞাপন

আলিফ হোসেন, তানোর
রাজশাহীর তানোরের মুন্ডুমালা পৌরসভার মুন্ডুমালা হাটে আয় আছে কোটি টাকা নাই হাটের উন্নয়ন। কাঁচা বাজার, মাছ ও মাংস হাটায় পানি নিস্কাশনের কোন ব্যবস্থা না থাকায় মাছের পানি ও গরু, খাসি জবেহর রক্ত জমে পচা-দুর্গন্ধময় পরিবেশের মধ্যে বেচাকেনা চলছে মুন্ডুমালা হাটে। স্থানীয়রা হাট ইজারার আগে হাটের উন্য়নের বিষয়টি নিশ্চিত করার দাবি করেছেন।
সরেজমিন দেখা গেছে, হাটের বেশ কয়েকজন ব্যবসায়ী, ক্রেতা ও বিক্রেতারা জানান, উপজেলার গরু, ছাগল ও গৃহস্থালি পণ্যের জন্য প্রসিদ্ধ মুন্ডুমালা হাট। সপ্তাহে প্রতি সোমবার একদিন বসে এখানে হাট। এটি উপজেলার সবচেয়ে বড় হাট হিসেবে পরিচিত। এই হাট থেকে প্রতি বছর সরকার প্রায় পৌনে দু’কোটি টাকার রাজস্ব পেয়ে থাকে। অথচ হাটের উন্নয়নে পৌর কর্তৃপক্ষের কোন নজরদারি নেই। গত বছর এই হাট থেকে প্রায় এক কোটি ৭৫ লাখ টাকায় হাটটি ইজারা দেওয়া হয়। এছাড়াও ১৫ শতাংশ ভ্যাট ও ১০ শতাংশ আয়কর দিয়ে প্রায় দু’কোটি টাকার উপরে রাজস্ব আদায় হয়েছে।
জানা গেছে, বিগত ২০০২ সালে স্থানীয় সরকার পল্লীউন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় বিভাগ থেকে জারিকৃত সরকারি হাটবাজার ইজারা পদ্ধতি, ব্যবস্থাপনা ও আয় বন্টন বিষয়ক নীতিমালা অনুযায়ী, হাট ইজারার ১৫ শতাংশ টাকা সংশ্লিষ্ট হাটের রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন কাজে খরচ করার বাধ্যবাধকতার কথা বলা হয়েছে। নীতিমালা অনুযায়ী প্রতিবছর মুন্ডুমালা হাটের উন্নয়নে পৌর তহবিলে প্রায় ৩০ লাখ টাকা জমা ও হাটের উন্নয়নে ব্যয়
হবার কথা। সেই হিসেবে একজন মেয়রের ৫ বছর সময়ে প্রায় দেড় কোটি টাকা পৌর তহবিলে জমা ও হাটের উন্নয়নে ব্যয় হবার কথা। অথচ হাটের উন্নয়নে একটি টাকাও ব্যয় করা হয় না বলে অভিযোগ উঠেছে। তবে যেসব হাটে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর উন্নয়নমূলক কাজ করছে, সেসব হাটে শতকরা ১৫ টাকার পরিবর্তে শতকার ২৫ টাকা পর্যন্ত বরাদ্দ দেওয়া যাবে। উপজেলার অন্য সব হাটের বিক্রয় ছাউনি, নলকুপ, গণশৗচাগার উন্নয়নের কাজের জন্য ইজারাদারকে শতকরা ১০ টাকা উপজেলার উন্নয়ন তহবিলে জমা করতে হবে। এছাড়াও ইউপি পর্যায়ে
ইজারার শতকরা ৫ টাকা হাট যে ইউনিয়নে অবস্থিত সে ইউনিয়ন পরিষদকে অতিরিক্ত হিসেবে দেওয়ার নিয়ম রয়েছে। মুন্ডুমালা হাটটি তানোর-আমনুরা আঞ্চলিক সড়কের পশে অবস্থিত। হাটটির স্থায়ী- অস্থায়ী মিলে প্রায় পাঁচ শতাধিক দোকান রয়েছে। কাঁচা বাজার, মাছ ও মাংস হাটার বেহাল অবস্থা পরিবেশ পচা দুর্গন্ধ যুক্ত। মাছ, মাংস হাটার একমাত্র ড্রেনটি বন্ধ রয়েছে। মাছের পানি জমে পচা দুর্গন্ধ ছড়াচ্ছে। একটু বৃষ্টি হলেই হাটে জমে পানি। এছড়াও মাছ হাটার পশের পুকুরপাড় বর্তমানে ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। হাটের মাছ ব্যবসায়ী, ইদ্রিস আলী, চাঁনমিয়া, বদের আলীসহ বেশ কিছু মাছ ব্যবসায়ী অভিযোগ করে বলেন, ড্রেনের
ময়লা থেকে বর্ষার সময় পোকা মাকড় উঠে আসে মাছ হাটায় এরই মধ্যেই আমাদের ব্যবসা করতে হয়। ড্রেনটি বন্ধ থাকায় দুর্গন্ধযুক্ত পানি আমাদের মাছ হাটায় জমা হচ্ছে। ড্রেনটি সংস্কারের দাবি আমাদের দীর্ঘদিনের। স্থানীয় বাসিন্দা ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি শরীফ খাঁন বলেন, মেয়রের চেয়ারে যারাই বসে তারা শুধু লুটপাটে ব্যস্ত, হাটের উন্নয়নে তাদের কোনো নজর নাই। তিনি বলেন, ইজারার ১৫ শতাংশ টাকা হাট উন্নয়নের কাজে ব্যয় করা হলে হাটের চিত্র বদলে যেতো। নাম প্রকাশে অনিচ্ছুক এক কাউন্সিলর বলেন, আমরা মেয়রকে বার বার বলেছি হাটের উন্নয়নের কথা। তবে হাটের কোন উন্নয়ন হয় না।কিন্ত্ত হাট উন্নয়নের ভুয়া প্রকল্প দেখিয়ে উন্নয়ন বরাদ্দের টাকা মেয়র,সচিব, প্রকৌশলী ও হিসাব রক্ষক নয়ছয় করেন। এবিষয়ে পৌর মেয়র সাইদুর রহমান এসব অভিযোগ অস্বীকার করে বলেন, হাটের বন্ধ ড্রেনগুলো দ্রুত সংস্কার করা হবে। এছাড়াওহাটের অন্যান্য যে সকল সমস্যা আছে তা পর্যায় ক্রমে দেখা হবে।এবিষয়ে জানতে চাইলে হাট ইজারাদার বলেন, তারা তো সব টাকা পৌর তহবিলে জমা দেন। কিন্ত হাটের উন্নয়ন করা না হলে সেই দায় পৌর কর্তৃপক্ষের।

 

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন