সাবেক কাউন্সিলরের বিরুদ্ধে তাল গাছ কাটার অভিযোগ

Paris
Update : শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৩

তানোর সংবাদদাতা
রাজশাহীর তানোর পৌরসভার সাবেক নারী কাউন্সিলর আংগুরী বেগমের বিরুদ্ধে সরকারি খাস জায়গার একটি বিশাল পরিপক্ব তাল গাছ কাঁটার অভিযোগ উঠেছে। এতে করে একজন জনপ্রতিনিধির এমন কান্ডে এলাকাজুড়ে বইছে সমালোচনা। পৌর সদর গোল্লাপাড়া গ্রামে ঘটে গাছ কাটার ঘটনাটি।
শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায় পরিপক্ব একটি তাল গাছ কেটে ফেলা হয়েছে। গাছ কাটা হলেও তার চিহ্ন স্পষ্ট হয়ে আছে। গোল্লাপাড়া গ্রামের মুকুল হোসেনের বাড়ির পিছনে ও সাবেক কাউন্সিলর আংগুরী বেগমের বাড়ির সামনে সরকারি খাস জায়গায় থাকা প্রায় শতবর্ষী তাল গাছ জোর করে কাটেন তিনি বলে নিশ্চিত করেন প্রতিবেশিরা। এছাড়াও পূর্বে একই স্থান থেকে বিভিন্ন প্রজাতির ফলজ বনজ গাছও কেটে সাবাড় করেছেন সাবেক এই কাউন্সিলর। এবার তাল গাছ কাঁটাসহ সরকারি খাস জায়গা দখলে নিতে মরিয়া হয়ে উঠে পড়ে লেগেছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, সরকারি আইন মোতাবেক নিজস্ব গাছ কাটতে হলে সংশ্লিষ্ট দপ্তর থেকে অনুমতি নিতে হবে। সেক্ষেত্র সাবেক এই কাউন্সিলর সরকারি গাছ কাটতে কোন অনুমতি না নিয়ে প্রভাব খাটিয়ে গাছ কেটেছেন। এখানে আশার পর থেকে একের পর এক সরকারি খাস জায়গার গাছ কাঁটা ও খাস জায়গা দখল করাসহ প্রতিবেশিদের সাথে অসৌজন্যমূলক আচরণ করে আসছেন। এমনকি গ্রামবাসীরা তার ভয়ে কেউ প্রতিবাদ করতে সাহস পায়না।
সাবেক কাউন্সিলর আংগুরী বেগমের সাথে কথা বলা হলে তিনি বলেন, জায়গা সরকারের কিন্তু আমার বাড়ির সামনে হওয়ায় এখন জায়গাটি আমার দখলে। তাই গাছ কেটেছি। এতে কোন সমস্যা হলে সরকারের সাথে আমি বুজবো বলে দম্ভোক্তি দেখান তিনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও পংকজ চন্দ্র দেবনাথ জানান, এবিষয়ে কেউ কোন অভিযোগ করেননি। যদি কেউ অভিযোগ করে তাহলে তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে সরকারি খাস জায়গা পত্তন বা লিজ না নিয়ে দখল করার কোন সুযোগ নেই বলে জানান তিনি।


আরোও অন্যান্য খবর
Paris