মুন্ডুমালার সাবক ও বর্তমান মেয়রকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন
তানোর প্রতিনিধি
রাজশাহীর তানোরের শারীরিক প্রতিবন্ধী নেতা শামসুল আলমকে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত মুন্ডুমালা পৌরসভার সাবেক মেয়র গোলাম রাব্বানী ও বর্তমান মেয়র সাইদুর রহমানসহ আসামিদের আটকের দাবিতে মানববন্ধন করা হয়েছে। জানা গেছে, ৭ ফেব্রুয়ারী মঙ্গলবার জাতীয় তৃণমুল প্রতিবন্ধী সংস্থা ও আস্থা প্রতিবন্ধী সংস্থার যৌথ উদ্যোগে তানোর থানা মোড়ে আয়োজিত মানববন্ধন কর্মসুচিতে বক্তব্য রাখেন জাতীয় তৃণমুল প্রতিবন্ধী সংস্থার কাউন্সিলর সাদিকুল ইসলাম, আস্থা প্রতিবন্ধী সংস্থার সম্পাদক ইরমান হোসেন, ক্যাশিয়ার আলম আলী ও মেরাজ উদ্দিনপ্রমুখ। প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন তানোর থানা মোড়ে ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তরা বলেন, যারা নিরপরাধ প্রতিবন্ধীর ওপর শারীরিক ও পাশবিক নির্যাতন করেন তারা জনপ্রতিনিধি নামের কলঙ্ক। তারা বলেন, দ্রুত অবিযুক্তদের আটক করা না হলে তারা বৃহত্তর আন্দোলন কর্মসুচি ঘোষণা করবেন।
প্রসঙ্গত, গত ১ ফেব্রুয়ারী বুধবার দুপুরে মুন্ডুমালা বাজারে সাবেক মেয়র গোলাম রাব্বানী প্রথমে থাপ্পড় ও চেয়ারে লাথি মেরে শামসুলকে মাটিতে ফেলে দেয়,এ সময় বর্তমান মেয়র সাইদুর রহমান তাকে চুলের মুঠি ধরে উঠিয়ে উপর্যুপরি কিল-ঘুষি মারতে শুরু করে তার সঙ্গে যোগদেন মেয়রের অনুগত গয়ানাথ কর্মকার ও অপুর্ব হালদারসহ বখাটেরা। এ ঘটনায় গত ২ ফেব্রুয়ারী বৃহস্প্রতিবার রাতে শামসুল আলম বাদি হয়ে তানোর থানায় এই মামলা করেন। মামলায় সাবেক মেয়র গোলাম রাব্বানী ও বর্তমান মেয়র সাইদুর রহমানকে প্রধান আসামি করা হয়েছে। তবে গ্রেফতার এড়াতে দুই মেয়রসহ অভিযুক্তরা আত্মগোপণ করেছে। এদিকে স্থানীয়রা দুই মেয়রের গ্রেফতার ও কঠোর শাস্তির দাবিতে বিক্ষুব্ধ হয়ে উঠেছে।এবিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ ওসি কামরুজ্জামান মিয়া জানান, শামসুল আলম বাদি হয়ে মামলা করেছেন। আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
