স্টাফ রিপোর্টার
রাজশাহীতে বরই গাছে ঢিল ছুড়তে মানা করায় বাড়িতে ঢুকে যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দূর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারী) বেলা ২ টার সময় নগরীর ১৯ নং ওয়ার্ড ছোটবনগ্রাম এলাকায় ঘটনাটি ঘটেছে। নিহত হওয়া যুবকের নাম বিদ্যুৎ (৪৫)। পিতার নাম মৃত শমসের আলী। যারা ছুরিকাঘাত করেছে তারা হলেন, আকাশ, নাসিম ও শুভ। সকলের বয়স ২০-২২ এর মধ্যে জানান চন্দ্রিমা থানার ওসি (তদন্ত) মইনুল বাশার। অভিযুক্তদেরকে গ্রেফতারে মাঠে নেমেছে পুলিশ বলেও জানান ওসি (তদন্ত)। নিহতের বড় বোন মৌসুমী আক্তার তিনজনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেছেন বলেও জানান ওসি (তদন্ত)। নিহত বিদ্যুতের বাসা ছোটবনগ্রাম বারো রাস্তার মোড়ে। অভিযুক্তরা কিশোর গ্যাংয়ের অন্তর্ভুক্ত কিনা জানতে চাইলে ওসি (তদন্ত) জানান, বিষয়টি আমার খতিয়ে দেখছি। অভিযুক্তদের বাবার নামসহ পূর্ণাঙ্গ তথ্যউপাত্ত হাতে না পাওয়া পর্যন্ত বিষয়টি নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না।
এলাকাসূত্রে জানা যায়, অভিযুক্ত ঐ তিনজন কিশোর বৃহস্পতিবার দুপুরে বরই গাছে ঢিল মারছিল আর সেই ঢিল বাড়ির টিনে পড়ায় বাসা থেকে বের হয়ে বিদ্যুৎ ঢিল মারতে তাদের মানা করে। বাকবিতন্ডার একপর্যায়ে দেওয়াল টপকে অভিযুক্তরা প্রথম পর্যায়ে বিদ্যুৎকে মারধর করে। পরে নাসিমের কাছে থাকা ছুরি বেরকরে বিদ্যুৎকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। বিদ্যুৎকে রামেক হাসপাতালে নিয়ে যাবার পথে সে মারা যায়। নিহত বিদ্যুৎ নগরীর একটি ডিস ক্যাবল প্রতিষ্ঠানে আদায়কারি হিসেবে কর্মরত ছিলেন।