যে কারণে রাজশাহী নগরীর সড়কে চালক-ট্রাফিক পুলিশের ধস্তাধস্তি
স্টাফ রিপোর্টার
গতকাল দুপুরে নগরীর রেলগেটস্থ কামারুজ্জামান চত্বরের ইজিবাইক চালক ও ট্রাফিক পুলিশের মধ্যে হাতাহাতি ও ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। ট্রাফিক পুলিশের নির্দেশ অমান্য করাসহ ক্ষমতার অপব্যবহার করার অভিযোগও উঠেছে প্রত্যক্ষদর্শীদের পক্ষ থেকে।
গতকাল ২৫ জানুয়ারি বেলা ২ টা বেজে ৩০ মিনিটে রেলগেট কামারুজ্জামান চত্বরে ছিল প্রচন্ড ট্রাফিক জ্যাম। চতুর্দিকের রাস্তা থেকে আনাগোনা ছিল বিভিন্ন ধরনের অসংখ্য গাড়িঘোড়ার। দায়িত্বরত ট্রাফিক সদস্যরা নিজেদের দায়িত্ব পালনে ছিলেন ব্যস্ত। আর অন্যদিকে, ইজিবাইক চালকেরা ছিল যাত্রী তোলাতে ব্যস্ত। যার কারনেই প্রতিদিনের মতো রেলগেটস্থ রাস্তাগুলো ছিল ইজিবাইকের দখলে। রাস্তার জ্যাম নিরসনে অবশেষে ট্রাফিক পুলিশের রাগান্বিত এক সদস্য কর্তৃক লাঠি দ্বারা নির্যাতনের স্বীকার হন একজন ইজিবাইক চালক। যেটা নিয়ে অনেকেই উভয় পক্ষের অপরাধ নিয়ে করেন বিরূপ মন্তব্য। একাধিক প্রত্যক্ষদর্শী ও যাত্রীদের দেয়া তথ্য মতে, ট্রাফিক জ্যাম নিরসনের লক্ষ্যে দায়িত্বরত ট্রাফিক সদস্যরা নিজেদের হাতে থাকা বাশি বাজানোর পাশাপাশি রাস্তা জ্যামমুক্ত রাখার উদ্দেশ্যে বারবার শতর্ক করছিলেন ইজিবাইক চালকদের। কিন্তু, চালকেরা সড়ক ও ট্রাফিক আইন ভঙ্গ করে নিজেদের খেয়াল খুশি মতো যত্রতত্র গাড়ি রেখে কামারুজ্জামান চত্বরের একাংশজুড়ে রেখেছিল দখল করে। যার কারনে অন্যান্য যানবাহনগুলো আটকে ছিল ট্রাফিক জ্যামের গন্ডির ভেতরে। এমনতাবস্থায়, একজন ট্রাফিক পুলিশের সদস্য মুখে থাকা বাশি বাজানোর পাশাপাশি ইজিবাইকের পেছনে বারাবার আঘাত করে শব্দ তৈরির মাধ্যমে জ্যামমুক্ত করার নির্দেশনা দেবার পরেও বেশ কয়েকজন চালক অমান্য করছিল ট্রাফিকের সেই নির্দেশনা। যার কারনে, পেছনে থাকা গাড়িগুলো পড়েছিল চরম বিপাকে। রেললাইনের উপরে দাড়িয়ে থাকা একটি ইজিবাইক যতসামান্য সামনে গিয়ে আবারো থেমে যায় যাত্রী তোলার উদ্দেশ্যে। ট্রাফিকের নির্দেশনা বারবার অমান্য করে রাস্তায় জ্যাম সৃষ্টি করার অপরাধে দায়িত্বরত একজন ট্রাফিক পুলিশ সদস্য তেড়ে যান ইজিবাইক চালককে ধরার জন্য। অবশেষে, তিনি চালককে জামার কলার ধরে টেনে গাড়ি থেকে নামিয়ে এনেই হাতে থাকা লাঠি দিয়ে বেশ কয়েকটি আঘাত করেন। চালক তখন জানতে চাইছিল কেনো তাকে মারা হচ্ছে। প্রতুত্তরে ট্রাফিক পুলিশের সেই সদস্য কিছু খারাপ ভাষা ব্যবহার করে আবারো কয়েকটি আঘাত করে সেই চালককে। অবশেষে, আশেপাশে থাকা অন্যান্য যাত্রী ও পথচারিরা উভয়কে ঘিরে ধরে। এবং চালককে রক্ষা করে ট্রাফিকের হাত থেকে। ট্রাফিক পুলিশ সদস্যটি কোন উপায়ন্তর না দেখে ইজিবাইকের উপরে বসে পরেন গাড়িটি সার্জেন্টের কাছে নিয়ে যাবার জন্য। এ বিষয়ে প্রত্যক্ষদর্শী ও পথচারিদের মন্তব্য জানতে চাইলে তারা দোষারোপ করেন উভয় পক্ষকেই। জামাল ও জাহিদ সহ আরো বেশ কয়েকজন যাত্রী ও পথচারি বলেন, ইজিবাইক চালকেরা নিজেদের ইচ্ছে মতো রেলগেটের যত্রতত্র গাড়ি থামিয়ে যাত্রী তোলেন। তারা অধিকাংশ সময়ই ট্রাফিক আইন মান্য করেন না। যার কারনে অন্যান্য গাড়িঘোড়া ও পথচারিদের বৃদ্ধি পায় ভোগান্তি। তারা যদি সড়ক ও ট্রাফিক আইন মেনে চলতো তবে, ভোগান্তি হ্রাস পাবার পাশাপাশি অত্যন্ত গুরত্বপূর্ণ এই চত্বরটি থাকতো জ্যামমুক্ত। আবার শাহীন, আজিম ও ইয়াসিন নামের তিনজন চালক বলেন, এখানে দায়িত্বরত ট্রাফিকরা জ্যাম নিরসনে অধিকাংশ সময় অটোরিক্সার পেছানে মোটা মোটা লাঠি দিয়ে অনবরত আঘাত করতে থাকেন। যার কারনে গাড়ির পেছনে ক্ষতিগ্রস্থ হয়। এছাড়াও অনেক ট্রাফিক পুলিশ আছেন যারা নোংড়া নোংড়া ভাষায় গালিগালাজ করেন। আর আজ যে ঘটনা ঘটলো তাতে আমরা মর্মাহত। কারণ, তারা ইচ্ছে করলেই কারো শরীরে আঘাত করতে পারেন না। সড়ক কিংবা ট্রাফিক আইন ভঙ্গ করলে সেজন্য তারা আইনী ব্যবস্থা নিতে পারেন। কিন্তু কাউকে আঘাত করতে পারেন না। সচেতন কয়েকজন ব্যক্তি এবিষয়ে মন্তব্য করতে গিয়ে বলেন, রেলগেট সহ নগরীর অন্যান্য গুরুত্বপূর্ণ চত্বরগুলোর রাস্তার একাংশজুড়ে একধরনের চিহৃ ব্যবহার করা উচিত। যেখানে কোন ক্রমেই ইজিবাইক দাড়াতে পারবেনা। কিংবা, যাত্রী তোলার জন্য নির্ধারিত কোন স্থান করা উচিত। নতুবা এই ধরনের অনাকাঙ্খিত ঘটনা ঘটতেই থাকবে। নাম প্রকাশ না করার শর্তে একাধিক পথচারি বলেন, এটি একধরনের স্থায়ী সমস্যায় রূপ নিয়েছে। তাই এধরনের সমস্যা সমাধানে প্রয়োজন যুগোপযোগী কোন সিদ্ধান্ত। যেটা অমান্য করলে আইনী ব্যবস্থা হবে অনেক বেশি কঠোর। তবেই এই প্রাত্যহিক সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া যাবে। নতুবা নয়।
